১০ পয়েন্ট ছাড়তে নারাজ টিম টাইগার
Published : Monday, 28 February, 2022 at 12:00 AM
আফগানিস্তানের
বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে এসেছে
বাংলাদেশ। আগামীকাল সোমবার সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে
দুই দল। ঘরের মাঠে এখন পর্যন্ত ওয়ানডে সুপার লিগের আটটি ম্যাচ খেলেছে
বাংলাদেশ। যার মধ্যে সাতটিতেই জয় এসেছে।
একমাত্র হারটি শ্রীলঙ্কার বিপক্ষে। এবার আফগানদের ধোলাই করে জয়ের ধারা ধরে রাখতে চায় টাইগাররা।
আজ
রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের
শেষে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, সিরিজ জয়ের চেয়েও এ মুহূর্তে ১০
পয়েন্ট নিশ্চিত করাটা জরুরি। তার ভাষায়, 'সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূর্ণ
হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু সুপার লিগের সেরা আটটা দলই কোয়ালিফাই
করবে। সিরিজ জিতেছি, খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট একটা ম্যাচ জিতে
১০ পয়েন্ট নেওয়া। '
টাইগারদের পরবর্তী ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকা,
আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে। কঠিন দলের বিপক্ষে ঝুঁকি না নিয়ে এই
সিরিজেই আরো ১০ পয়েন্ট নিতে চান মিরাজ, 'সামনে হয়তো অনেক বড় চ্যালেঞ্জ
আসবে। কিন্তু আমি মনে করি, এই ১০ পয়েন্ট যদি নিতে পারি, তখন আমাদের জন্য
বাকি পথ সহজ হয়ে যাবে। আমরা এ ব্যাপারে কোনো নেতিবাচক চিন্তা করছি না।
ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করব শতভাগ দিয়ে
খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। '