
ম্যাচের
শুরুতে দাপট দেখালো সাইফ স্পোর্টিং। কিন্তু গোল পেলো না একটিও। সময় গড়াতে
গড়াতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মোহামেডান। তাতে দুই অর্ধের দুই গোলে তিন
পয়েন্ট পেয়েছে শন লেনের দল। শুক্রবার প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংকে ২-০
গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ
ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন শাহরিয়ার ইমন।
জয়ের ফলে মোহামেডান ৪
ম্যাচে দ্বিতীয় জয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। আর টানা
দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া আন্দ্রেস ক্রুসিয়ানির দল আগের ৬ পয়েন্ট
নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।
অথচ মোহামেডানের জেতা ম্যাচটায় শুরু থেকে
আক্রমণে ছিল সাইফ স্পোর্টিং। ১২ মিনিটে এমেকা ওগবাগের ভলি ক্রসবারের একটু
ওপর দিয়ে যাওয়ায় গোল পাওয়া হয়নি। ২৪ মিনিটেও ভাগ্য সহায় ছিল না। নিহাদ
জামান উচ্ছ্বাস বক্সে বলের নাগাল পাওয়ার আগেই সেটি ক্লিয়ার করে মোহামেডানকে
ম্যাচে রাখেন গোলকিপার মোহাম্মদ সুজন। এই সুযোগে মোহামেডান গুছিয়ে ওঠে
অগ্রগামিতা পেয়ে যায় ৩২ মিনিটে। নাইজেরিয়ার ওবি মনেকের ফ্রি কিক থেকে
লক্ষ্যভেদ করেন দিয়াবাতে।
দ্বিতীয়ার্ধের শুরুতেও ব্যবধান বাড়িয়ে নেয়
মোহামেডান। ৪৯ মিনিটে বক্সের ভেতর থেকে শাহরিয়ার ইমনের শট কাছের পোস্ট দিয়ে
জালে জড়ালে স্কোর হয় ২-০। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই তখন সাদা-কালোদের
হাতে। শেষ দিকে মোহামেডানের ব্যবধান আরও বাড়তে পারতো। কিন্তু ইমনের শট
ক্রসবার কাঁপিয়ে ফিরে আসলে হতাশ হতে হয় তাদের।