সুপার ওভারে সুপার জয় অস্ট্রেলিয়ার
Published : Monday, 14 February, 2022 at 12:00 AM
অস্ট্রেলিয়া
সফরে প্রথম টি-টোয়েন্টি হেরে পাঁচ ম্যাচ সিরিজে এমনিতেই পিছিয়ে পড়েছিল
শ্রীলঙ্কা। আজ তাই তারা লড়াই করল সর্বশক্তি দিয়ে। কিন্তু ক্রিকেটবিধাতা
হয়তো তাদের ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিলেন। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে
১৬৪ রান তুলে অস্ট্রেলিয়া।
রান তাড়ায় নেমে ৮ উইকেটে ঠিক ১৬৪ রানেই
নির্ধারিত ২০ ওভার শেষ করে লঙ্কানরা। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে
আগে ব্যাট করে সফরকারীরা ৫ রানের বেশি করতে পারেনি। জবাবে হাসারাঙ্গা ডি
সিলভাকে পরপর দুই বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার মার্কাস
স্টোয়নিস।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে
নামা অস্ট্রেলিয়ার শুরুটা মন্দ হয়নি। দলীয় ৩৩ রানে থুসারার বলে বেন
ম্যাকডারমট (১৮) আউট হলে ভাঙে ওপেনিং জুটি। অপর ওপেনার অধিনায়ক অ্যারন
ফিঞ্চ ২০ বলে ২৫ রান করেন। তিনে নেমে জস ইংলিস ৩২ বলে ৪৮ রানের ইনিংস খেলে
স্কোরবোর্ড এগিয়ে দেন। এরপর আর কেউ বড় রান করতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল
১২ বলে ১৫, স্টিভ স্মিথ ১৫ বলে ১৪, মার্কাস স্টোয়নিস ১৮ বলে ১৯ আর ম্যাথু
ওয়েডের ৪ বলে অপরাজিত ১৩* রানে ২০ ওভারে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬৪
রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
১৯ রানে দ্বিতীয়টি; আর ২৫ রানে তিন উইকেট হারিয়ে তারা বিপদে পড়ে। একপ্রান্ত
আগলে রেখে ৫৩ বলে ৭ চার ২ ছক্কায় ৭৩ রানের ইনিংস উপহার দেন ওপেনা পাথুম
নিশাঙ্কা। মিডল অর্ডারে নেমে অধিনায়ক দাসুন শানাকা করেন ১৯ বলে ৩৪। এছাড়া
আর কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেটে ঠিক ১৬৪ রান তোলে
লঙ্কানরা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে সুপার জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।