বার্ডে ১৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM
অদ্য ৯ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ১৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাগণ রূপকল্প-২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, শিক্ষকগণ প্রকৃত মানুষ গড়ার কারিগর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. মোঃ নিজামুল করিম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নত রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থার কোন বিকল্প নেই। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকগণের ভূমিকা সর্বাগ্রে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং প্রশিক্ষণার্থীদের নিকট কোর্সের সার্বিক বিষয় তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন বার্ডের পরিচালক রঞ্জন কুমার গুহ। এ কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বার্ডের যুগ্ম-পরিচালক আফরীন খান। এছাড়া সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে উপ-পরিচালক কাজী সোনিয়া রহমান ও সহকারী পরিচালক আব্দুল্লা-আল-মামুন। এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৫০জন কর্মকর্তা।