ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বার ইউপি নির্বাচন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে এককাট্টা স্বতন্ত্র প্রার্থীরা
শাহীন আলম
Published : Wednesday, 2 February, 2022 at 8:08 PM
সুষ্ঠু নির্বাচনের দাবিতে এককাট্টা স্বতন্ত্র প্রার্থীরাকুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবাধ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এক হয়ে সংবাদ সম্মেলন করেছেন ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। বুধবার পৌর এলাকার ভোজন বিলাস রেস্তোরায়  সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি করেন। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা একই দাবিতে নিউমার্কেটে মানববন্ধন করেন। আগামী ৭  ফেব্রুয়ারি উপজেলার ১৫ টি ইউনিয়নে এ নির্বাচন হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এলাহাবাদ ইউনিয়নের মো. নুরুল আমিন, ভানী ইউনিয়নের মো. জালাল উদ্দিন, জাফরগঞ্জ ইউনিয়নের মো. সোহরাব হোসেন, গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের আবদুল হাকিম খাঁন, বড়শালঘর ইউনিয়নের আবদুল আউয়াল, মোহনপুর ইউনিয়নের ময়নাল হোসেন, গুনাইঘর উত্তর ইউনিয়নের আলী আজ্জম সজল, সুলতানপুর ইউনিয়নের জসিম উদ্দিন, সফিকুল ইসলাম, ইউসুফপুর ইউনিয়নের মাজহারুল হক মামুন ,সুবিল ইউনিয়নের আবু তাহের ও ফতেহাবাদ ইউনিয়নের, মফিজুল ইসলাম, ধামতী ইউনিয়নের মহিউদ্দিন মিঠু ও  মো. জাহিদুল ইসলাম।   দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে নৌকার প্রার্থীরা নানাভাবে দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। ক্ষমতাসীন দলের লোকজন পথসভায় ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের হুমকি, মারধর এমনকি বাড়িতে হামলা করে ভীতির পরিবেশ সৃষ্টি করছে। প্রতিটি ইউনিয়নে নৌকার প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অনেক ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাঁদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে তাঁদেরপাশাপাশি সাধারণ ভোটাররাও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত। সুষ্ঠু নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীরাই জয়ী হবেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাহাবাদ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিন বলেন, তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের হুমকী, প্রচারণায় বাঁধা ও নৌকা প্রতিক ছাড়া অন্য প্রতিকে ভোট দিলে এলাকা ছাড়া করার হুমকী দিয়ে আসছে। এছাড়াও তাঁরা ভোটের দিন প্রকাশ্যে নৌকা প্রতিকে সিল মারার ঘোষণা দিয়ে বেড়াচ্ছে। স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন বলেন, থানা পুলিশ নৌকার প্রার্থীদের বিভিন্নভাবে সহায়তা করছে। তাঁদের উপর হামলার ঘটনা ঘটলেও উল্টো স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। নৌকার প্রার্থীরা নিজেদের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মিথ্যা মামলা দিয়ে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের এলাকা ছাড়া করছেন। স্বতন্ত্র প্রার্থী ভানী ইউপির হাজী জালাল বলেন, ভানী ইউনিয়নের তিনটি গ্রাম গত ২০ বছর ধরে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন না, গ্রাম,গুলো হলো, কটকসার, ত্রিবিদ্যা, বইরার পাড়।  তাঁরা এ গ্রামের রাস্তায় বেঁড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পরে একই দাবিতে স্বতন্ত্র প্রার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভানী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন ভূঁইয়া, জাফরগঞ্জ ইউপির সোহরাব হোসেন, গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের আবদুল হাকিম খাঁন প্রমুখ।