আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, অথচ এবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের প্লে-অফের টিকিট পেতেও ব্যর্থ হলো বাংলাদেশের যুবারা। রোববার অ্যান্টিগায় পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল।
সুপার লিগ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপের মূল লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ। এখন পাকিস্তানের কাছে হেরে সপ্তমস্থানের জন্য লড়বে চ্যাম্পিয়নরা। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
অ্যান্টিগার কলিডজে রোববার আরিফুল ইসলামের সেঞ্চুরির পরও পাকিস্তানি বোলারদের তোপে মাত্র ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ২১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
১৭৬ রানের লক্ষ্য তাড়ায় কোনো বিপদেই পড়তে হয়নি পাকিস্তানকে। টপঅর্ডারের চার ব্যাটারই রান পেয়েছেন। ৭৯ রানের ইনিংস খেলেন হাসিবুল্লাহ খান। ৩৬ আসে মোহাম্মদ শেহজাদের ব্যাট থেকে।
বাংলাদেশের অধিনায়ক রাকিবুল হাসান ১০ ওভারে ২৮ রান দিয়ে নেন ২টি উইকেট। ৩৩ রানে ১ উইকেট শিকার নাইমুর রহমানের।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ১৭৫ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশের যুবারা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান।