আগুনে পুড়ল ভোজ্যতেলের কারখানা
Published : Tuesday, 1 February, 2022 at 12:00 AM
চট্টগ্রামে একটি ভোজ্যতেলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের সাগরিকা এলাকায় নূরজাহান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জাসমির ভেজিটেবল অয়েল লিমিটেডে এ ঘটনা ঘটে।
এ সময় কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
কিছুদিন ধরে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে বলে জানান কারখানাটির কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা তার।