ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিন ভেন্যুতে হবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
Published : Tuesday, 1 February, 2022 at 12:00 AM
দুই দিন আগে জরুরি সভা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল লিগ কমিটি ঘোষণা দিয়েছিল করোনার কারণে দুরের ভেন্যুগুলো বাদ দিয়ে আপাতত চার ভেন্যুতে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা।
তিন দিনের মাথায় আবার কমে গেলো ভেন্যুর সংখ্যা। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে খেলা আয়োজনের অনুমতি পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার দুপুরে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘'আমরা আর্মি স্টেডিয়ামে খেলা আয়োজনের জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তবে যেহেতু ৩ ফেব্রুয়ারি শুরু হবে খেলা তাই আপাতত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম রেখে বাকি ৩ ভেন্যুতে খেলা আয়োজনের ফিকশ্চার আমরা চূড়ান্ত করছি। আশা করছি রাতেই ক্লাবগুলোকে ফিকশ্চার দিতে পারবো।'
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের আশা আপাতত ছেড়ে দিয়ে বাফুফে লিগের খেলা শুরু করতে যাচ্ছে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, বসুন্ধরা কিংস কমপ্লেক্স ও মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে।

আর্মি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা আয়োজনের দুটি বড় সমস্যা হলো বিদেশি খেলোয়াড় এবং দীর্ঘ সময় স্টেডিয়াম ব্যবহার। তবে বাফুফে আশা পুরোপুরি না ছেড়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। সপ্তাহে অন্তত দুটি খেলাও যদি আয়োজন করতে পারে বাফুফে সে চেষ্টা অব্যাহত রেখেছে।