কুমিল্লার অনুশীলনে ডু প্লেসি, বিশ্রামে নারিন
Published : Wednesday, 19 January, 2022 at 12:00 AM
দরজায়
কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ইতিমধ্যে সব দল
অনুশীলন শুরু করেছে। দলগুলোর বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা ঢাকায় চলে
এসেছেন। আজ (মঙ্গলবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে যোগ দিয়েছেন
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। এদিন দুপুরে বিসিবি একাডেমি
মাঠে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে কুমিল্লার অনুশীলনে আসেন তিনি।
এদিকে
কুমিল্লার আরেক তারকা ক্রিকেটার সুনীল নারিন ও ওশানে থমাস ঢাকায় পৌঁছালেও
অনুশীলনে আসেননি। বিশ্রামে আছেন তারা। দুপুর থেকে বিসিবি একাডেমি মাঠে
অনুশীলন শুরু করে কুমিল্লা। মাঠে এসেই স্ট্রেচিং-ওয়ার্মআপ করেন ডু প্লেসি।
এরপর একাডেমিতে চলে যান ব্যাটিং অনুশীলন করতে।
কুমিল্লা ছাড়াও চট্টগ্রাম
চ্যালেঞ্জার্স বিদেশি ক্রিকেটারদের নিয়ে অনুশীলন করেছে। এদিন প্রধান কোচ
পল নিক্সনের তত্ত্বাবধানে অনুশীলনে ছিলেন চ্যাডউইক ওয়ালটন, কেনার লুইস ও
রায়াদ এমরিত।
প্রথম অনুশীলনে নিজের লক্ষ্যর কথা জানাতে গিয়ে জ্যামাইকান
হার্ডহিটার কেনার লুইস বলেছেন, ‘এটা আমার প্রথম বিপিএল। এখানে আসতে পেরে
উচ্ছ্বসিত। প্রতিযোগিতায় নিজের সেরাটা দিতে চাই। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য
প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া। তা করতে পারলে আমার দলও উপকৃত
হবে।’