ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শুরুর আগেই বিপিএলে করোনার ধাক্কা
Published : Wednesday, 19 January, 2022 at 12:00 AM
কয়দিন পর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর আগেই করোনার বড় ধাক্কা খেলো কর্তৃপক্ষ। এখনও কোনও দল জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেনি। তার আগে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফ। এই মুহূর্তে বেশ কয়েকজনের করোনা ধরা পড়লেও সংখ্যাটা বাড়ার সম্ভাবনাই বেশি। ক্রিকেটারদের নাম প্রকাশ না করার শর্তে এর সত্যতা নিশ্চিত করেছেন  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমরা বিপিএল সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা শুরু করেছি। অনেকেরই পরীক্ষা হয়েছে। এরমধ্যেই কয়েকজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাদের কোনও উপসর্গ দেখা যায়নি।’
এবার বিপিএলে ৬টি দল অংশ নিচ্ছে। আজ থেকে ধাপে ধাপে দলগুলোর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কথা। তার আগে করোনার সংক্রমণ ঘটায় বিপাকে কয়েকটি দল। এখন বিপিএল আয়োজন নিয়েও শঙ্কা জেগেছে!
বাংলাদেশে করোনার সংক্রামণ বেড়ে যাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু নীতিমালা প্রেরণ করেছে বিসিবিকে। কিন্তু বিদেশ থেকে আসা ক্রিকেটাররা সেগুলো মানছেন না। নিয়ম অনুযায়ী বিদেশ থেকে কেউ এলে অন্তত তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার কথা। অথচ সিলেট সানরাইজার্সের হয়ে আজই ঢাকায় এসেছেন কেসরিক উইলিয়ামস ও মারভিন ডিলন। সকালে ঢাকায় এসে দুপুরে মাঠেও চলে আসেন তারা। শুধু তারাই নন, গত ১৬ জানুয়ারি থেকে অনুশীলনে যোগ দেওয়া বিদেশি কোচ, ক্রিকেটাররা এসে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন। কোনও দলই কোয়ারেন্টিন নীতি মানেনি।
যদিও জৈব সুরক্ষা বলয়ে থেকেই সব দলকে বিপিএলে অংশগ্রহণ করতে হবে। সুরক্ষা বলয়ে প্রবেশের আগে সোমবার বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হয় একাংশের। সেখানেই কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়ে। খুলনা টাইগার্সের সৌম্য সরকারসহ ৫/৬ জন ক্রিকেটার ইতোমধ্যে করোনায় আক্রান্ত। মেডিকেল বিভাগ থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সুরক্ষা বলয়ে প্রবেশের জন্য আজ মঙ্গলবার হবে বিশাল অংশের পরীক্ষা। ফলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিসিবির প্রধান চিকিৎসক। তবে যারা নেগেটিভ আসবেন, তারা এখন থেকেই বলয়ে ঢুকবেন। দেবাশীষ চৌধুরী আরও বলেছেন, ‘যারা নেগেটিভ হয়েছেন, তারা বলয়ে ঢুকবেন। যারা আক্রান্ত হয়েছেন, তারা সবাই এখন আইসোলেশনে আছেন। পরবর্তীতে তারা নেগেটিভ এলেই বায়োবাবলে ঢুকবেন।’