ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফাইনালে চোখ আবাহনীর
Published : Wednesday, 15 December, 2021 at 12:00 AM
ফাইনালে চোখ আবাহনীরদানিয়েল কলিনদ্রেস-রাফায়েল অগাস্তো-নাবীব নেওয়াজ জীবনদের সমন্বয়ে রীতিমতো উড়ছে আবাহনী লিমিটেড। স্বাধীনতা কাপে কোয়ার্টার ফাইনালে সেনাবাহিনীকে ৪ গোলে উড়িয়ে এখন সেমিফাইনাল জয়ের অপেক্ষা তাদের।
ধারাবাহিকভাবে ছন্দময় ফুটবলশৈলী উপহার দিয়ে ফাইনালে জায়গা করে নিতে চাইছে মারিও লেমসের দল। মঙ্গলবার সেমিফাইনালে আবাহনীর সামনে বাধা সাইফ স্পোর্টিং। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সোয়া ৫টার ম্যাচটি নিজেদের করে নেওয়ার লক্ষ্য আকাশি-নীলদের। এই লড়াইয়ের পরই দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হবে চমক দেখানো পুলিশ এফসির।
আবাহনীর পর্তুগিজ কোচ লেমস সেমিফাইনাল নিয়ে আশাবাদী। দলের ফরোয়ার্ড জোন ঠিকঠাক কাজ করায় বেশ খুশি তিনি। এছাড়া বিদেশিদের সঙ্গে স্থানীয়রা যোগ্য সমর্থন দেওয়ায় দলের মধ্যে রসায়নও চমৎকার। তাই সেমিফাইনালে সাইফকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী লেমস। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের এবারের দলটি আগের চেয়ে ভালো। প্রতিটি ম্যাচেই দল উন্নতি করছে। ফরোয়ার্ডরা গোল পাচ্ছে। যার কারণে সাফল্য আসছে। আগের ম্যাচের মতো ছন্দময় ফুটবল খেলতে পারলে ফাইনালে যেতে পারবো আমরা।’
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েন্তন ব্যথা পেয়ে বিরতির পর আর মাঠে নামেননি। চোট নিয়ে যদিও অনুশীলন করেছেন। সেমিফাইনালে ৩১ বছর বয়সী ফুটবলারকে পাওয়া যাবে বলে জানিয়েছেন লেমস। একই সঙ্গে সাইফ স্পোর্টিং নিয়ে সতর্ক মন্তব্য করতেও ভুল করেননি, ‘ওদের ফরোয়ার্ড জোনে ভালো খেলোয়াড় আছে। ডাগ আউটে আছে আর্জেন্টিনার কোচ। তাই ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না। তবে আমরা জয়ের জন্য মাঠে নামবো। আশা করছি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবো।’
২০১৭ সালে আবাহনীর কোচ ছিলেন ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। এবার ১৪ বছর পর ফিরেই সেই দলের বিপক্ষে নামতে যাচ্ছেন। ৫৫ বছর বয়সী কোচ নস্টালজিক। তবে আবেগ সামলে ফাইনাল লক্ষ্য তারও, ‘আবাহনী আমার পুরনো ক্লাব। আগের মতো এবারও শক্তিশালী দল তারা। সব মিলিয়ে তাদের বিপক্ষে জেতা কঠিন হবে। কিন্তু আমরা হাল ছাড়বো না। জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামবো।’
বসুন্ধরা যখন দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ততক্ষণে ফাইনালিস্ট চূড়ান্ত হয়ে যাবে। আবাহনীর মতো বসুন্ধরাও কোয়ার্টার ফাইনাল বড় ব্যবধানে জিতেছে। অস্কার ব্রুজনের দলের লক্ষ্য আরেকটি ফাইনাল। অন্যদিকে পুলিশ এফসি চমকের ধারাবাহিকতা দেখানোর লক্ষ্য নিয়ে হুংকার দিচ্ছে।