ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় দলের আরেক নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত
Published : Wednesday, 15 December, 2021 at 12:00 AM
জাতীয় দলের আরেক নারী ক্রিকেটার করোনায় আক্রান্তজিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের দুই নারী ক্রিকেটার। ইতোমধ্যে তারা আইসোলেশনে রয়েছেন। মঙ্গলবার জানা গেলো আরও একজন নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত! তবে তিনি ওমিক্রনে আক্রান্ত নন।  
জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাই পর্ব খেলে গত ১ ডিসেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনারগাঁওতে ৫ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেন তারা। সেখানেই দুই ক্রিকেটারের করোনা ধরা পড়ে। তিনদিন আগে স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত দু’জন ওমিক্রনে আক্রান্ত। মঙ্গলবার বিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, নতুন আক্রান্ত নারী ক্রিকেটার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের কারণে নারী ক্রিকেটারদের ঢাকায় ফিরতে হয় কয়েকটি দেশ ঘুরে। মূলত দক্ষিণ আফ্রিকান অঞ্চলে নতুন ওই ভ্যারিয়েন্টের কারণেই ঝামেলার মুখোমুখি হতে হয়েছে পুরো দলকে। দেশে ফিরে হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে ছিল নারী দল। কয়েকদিন আগেই কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দু’জন আক্রান্ত হওয়ায় অন্যদেরও আইসোলেশনে রাখা হয়েছে। এবার আরেকজন আক্রান্ত হওয়ায় বাকিদের আইসোলেশনের মেয়াদ আরও বাড়লো।
তবে এতদিন সোনারগাঁওয়ে থাকলেও এই মুহূর্তে এখানে রাখা হচ্ছে না ক্রিকেটারদের। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। ১৫ থেকে ১৭ ডিসেম্বর তিনি সোনারগাঁওয়ে অবস্থান করবেন। এছাড়া ভারতের আরও প্রতিনিধি থাকবেন সেখানে। এ কারণে গতকাল (সোমবার) সোনাগাঁও হোটেল থেকে সব নারী ক্রিকেটারকে সরিয়ে নেওয়া হয়েছে।  
আক্রান্ত এবং এখনও আইসোলেশনে থাকা অন্যান্য সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে। আইসোলেশনে থেকে কয়েকটি পরীক্ষার পর যারা নেগেটিভ হয়েছেন, তাদেরকে মিরপুরের প্রশিকায় বিসিবির নির্ধারিত ফ্ল্যাটে রাখা হয়েছে। কাল বুধবারের পরীক্ষায় নেগেটিভ হলে তাদের কোয়ারেন্টিন শেষ হবে।
নারী ক্রিকেট দলের এক কর্মকর্তা বলেছেন, ‘এখানে মেডিকেলের কোনও ইস্যু নেই, অনেক ভারতীয় ডেলিগেট আসছেন, রাষ্ট্রপতি আসছেন। তারা সবাই সোনারগাঁও হোটেলে থাকবেন। ক্রিকেটারদের আইসোলেশন ও কোয়ারেন্টিনের জন্য তাদের স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রশিকাতে রাখা হয়েছে। কালকের (বুধবার) পরীক্ষায় নেগেটিভ হলে কোয়ারেন্টিন শেষ হবে।’