কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়ে ব্যর্থ হয়ে দেশে ফিরে এসেছেন তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি প্রাইভেটকারযোগে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি।
তবে মুরাদ হাসান তার বর্তমান ঠিকানা রাজধানীর ধানমন্ডির বাড়িতে যাননি তিনি। ধানমন্ডির নতুন ১৫ নম্বর রোডের এই বাড়িতেই সপরিবারে বসবাস করেন মুরাদ হাসান।
রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুরাদ হাসান।
বিমানবন্দর থেকে একটি সূত্র জানায়, বিমানবন্দরে নিয়মমাফিক কাজ শেষ করে সন্ধ্যা ছয়টার দিকে একটি প্রাইভেটকারে চড়ে বেরিয়ে যান তিনি।
সূত্র আরও জানায়, মুরাদ হাসান বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এলেও সাংবাদিকদের দেখে ভেতরে চলে যান এবং বিমানবন্দরের ভেতর দিয়ে অভ্যন্তরীণ টার্মিনালে যান। সেখানে বাইরে তার জন্য হোন্ডা সিআরভি ব্র্যান্ডের একটি গাড়ি প্রস্তুত ছিল। দেশে ফেরার সময় মুরাদ হাসানের পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট ও হুডি জ্যাকেট। মাথা ও মুখ ঢেকে গাড়িতে চড়েন মুরাদ তিনি।