'ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ' স্লোগানে গতকাল ১২ ডিসেম্বর রোববার কুমিল্লার লালমাই উপজেলায় সমগ্র দেশের ন্যায় উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১। দিবসটি উদযাপনে বিভিন্ন আয়োজনের মধ্যে উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বির্তক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন- মেহেরকুল দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শারমিন আক্তার, দ্বিতীয় স্থানে গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার, তৃতীয় স্থানে হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজের ছাত্র খন্দকার জাবির হোসাইন।
উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, সহকারী কমিশনার ভূমি নাসরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, লালমাই থানার এস আই জীবন রায় চৌধুরী, দৌলতপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মজুমদার, গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এনায়েত উল্লা মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
জানা যায়, দেশে ইন্টারনেট ব্যবহারকারী বর্তমানে প্রায় ১৩ কোটি।তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আর্থিক সেবায় মানুষের অন্তর্ভুক্তি বিস্ময়কর। অনলাইন ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার, এটিএম কার্ড ব্যবহার শুধু ক্যাশলেস সোসাইটি গড়াসহ ই-গভর্নমেন্ট প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখছে। ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেন। ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, বাস্তব। এখন দেশের ১৭ কোটি মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে । বিগত ১২ বছরে আইসিটি খাতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। আইসিটি খাত থেকে বছরে এখন ১০৩ কোটি ডলার রপ্তানি আয় হচ্ছে। দেশের প্রায় সাড়ে ৬ লাখের বেশি ফ্রিল্যান্সার আউটসোর্সিং খাত থেকে প্রতিবছর প্রায় সাড়ে ৭০০ মিলিয়ন ডলার আয় করছে।