লালমনিরহাটের সাপ্টিবাড়ী বাজারে মাংসে চর্বি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কসাইকে দা দিয়ে কুপিয়েছেন মো. হযরত আলী নামে এক কলেজশিক্ষক। তিনি সাপ্টিবাড়ি কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। শিক্ষকের এমন আচরণে হতবাক ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা।
জানা গেছে, শনিবার সকালে সাপ্টিবাড়ি বাজারে গরুর মাংস কিনতে যান হযরত আলী। এ সময় মাংসে এক টুকরো চর্বি দিয়ে দেন কসাই শহিদুল ইসলাম। এটা দেখে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কসাইয়ের ধারালো দা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন ওই কলেজশিক্ষক। এ সময় আহত কসাইকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন বাজারের লোকজন।
এ বিষয়ে কসাই শহিদুলের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, আমার ভাইয়ের অবস্থা আশস্কাজনক। আদিতমারী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা করবেন আহতের স্ত্রী মাসুদা বেগম।
এ বিষয়ে প্রভাষক হযরত আলী বলেন, চর্বি বেশি দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র। তবে তাকে দা দিয়ে কোপানোর বিষয়টি মিথ্যা। আমাকে হয়রানি করার জন্য নিজেই নিজেকে আহত করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আদিতমারী থানার ওসি মো. মোক্তারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। আহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।