ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাবার সামনেই বাসের ধাক্কায় প্রাণ হারায় সন্তান
Published : Wednesday, 3 November, 2021 at 12:00 AM
রাজধানীর মহাখালীতে শিশুসন্তানসহ ইট বোঝাই ভ্যান নিয়ে যাওয়ার সময়ে বাসের ধাক্কায় বাবার সামনে প্রাণ হারিয়েছে শিশু। শিশুটির নাম রনি (১২)। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
শিশুটির বাবা মো. অলিউল্লাহ জানান, তিনি মহাখালী ডিওএইচএস থেকে কিছু ইট কিনে বিক্রির উদ্দেশে ভ্যানে বোঝাই করে মহাখালীর সাততলা বস্তি আদর্শনগরে যাচ্ছিলেন। ছেলে পেছন থেকে ভ্যানটি ঠেলছিল। মহাখালী ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের বিপরীত পাশে একটি দোতালা বিআরটিসি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ইট বোঝাই ভ্যানটি ভেঙে গিয়ে দুজনেই আহত হন। গুরুতর আহত হয় রনি। সেখান থেকে লোকজনের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন অলিউল্লাহ। দুপুর সোয়া বারোটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘কেন তাকে (রনি) নিয়ে এলাম, আমার সামনেই ছেলেটির মৃত্যু হয়েছে, আমি সইতে পারছি না’—বলে হাসপাতালে আর্তনাদ করছিলেন বাবা অলিউল্লাহ।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।