ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রোটিয়াদের বিপক্ষেও চ্যাম্পিয়নদের হার
Published : Wednesday, 27 October, 2021 at 12:00 AM
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়েছে কাইরন পোলার্ডের দল। তাদেরকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা দুই ম্যাচ হেরে ছিটকে যাবার শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়ন ও সর্বোচ্চ দুইবারের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ।
শুরুতে ব্যাট করে এভিন লুইসের ফিফটিতে র্নিধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। জবাবে ২ উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতেই এবারের আসরে প্রথম জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
১৪৪ রানের টার্গেটে নেমে প্রথম ওভারেই অধিনায়ক বাভুমাকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর রসি ফন ডার ডুসেনকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকে রেজা হেন্ডরিকস। দলীয় ৬১ রানে হেন্ডরিকসের বিদায়ে ভাঙে এই জুটি। আকিল হোসেনের বলে হেটমায়ারের তালুবন্দী হয়ে আউট হবার আগে ৩০ বলে ৩৯ রান করেন হেন্ডরিকস। বাকিটা সময় ৮৩ রানের জুটি গড়ে দলকে জয় পর্যন্ত টেনে নিয়ে যান রসি ফন ডার ডুসেন ও এইডেন মারক্রাম। ৫১ বলে ৪৩ রানে রসি ফন ডার ডুসেন ও ২৬ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত আছেন মারক্রাম।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৪৩ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। এদিন লুইস দুর্দান্ত ব্যাট করলেও সিমন্সের ব্যাট ছিল মন্থর। লুইস মাত্র ৩৫ বলে ৬টি ছয় এবং তিনটি চারে ৫৬ রান তুললেও অপরপ্রান্তে ৩৫ বল খেলে মাত্র ১৬ রান তুলতে পেরেছেন সিমন্স।
এরপর ১২ রানে পুরান, ১২ রানে গেইল, ৫ রানে রাসেল, ১ রানে শিমরন হ্যাটমায়ার, ২৬ রানে কাইরন পোলার্ড এবং শূন্যরানে ফেরেন হেইডেন ওয়ালশ। আর শেষ পর্যন্ত ৮ রানে ডুয়াইন ব্রাভো এবং শূন্যরানে আকিল হোসাইন অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রানের খরচায় ১ উইকেট নেন এনরিখ নর্টজে। এছাড়া প্রিটোরিয়াস তিনটি, কেশব মাহারাজ দুটি এবং রাবাদা একটি উইকেট পেয়েছেন।