
নিজস্ব
প্রতিবেদক: স্থানীয় সরকার পল্লীয় উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মোঃ তাজুল
ইসলাম এমপি বলেছেন, গণতন্ত্রের প্রতি যাদের বিশ^াস নাই এবং যারা
স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষায় আছেন- তারাই নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করে
না। কিন্তু আমি মনে করি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত। ৯
অক্টোবর শনিবার কুমিল্লা পল্লী উন্নয়র একাডেমী বার্ডে সাংবাদিকদের সাথে
আলাপকালে এসব কথা বলেন তিনি। বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে মন্ত্রী বলেন,
তাদের যদি জনগণের প্রতি অঙ্গীকার থাকে- তাহলে তাদেরও নির্বাচনে অংশগ্রহণ
করা উচিত।
এর আগে এলজিআরডি মন্ত্রী কুমিল্লায় বার্ডের ৫৪ তম বার্ষিক
পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন । পল্লী উন্নয়ন ও সমবায়
বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন
বার্ড মহাপরিচালক মোঃ শাহ জাহান, অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল
ইসলাম,কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক
আহমেদ, বার্ডের পরিচালক প্রশিক্ষণ আব্দুল কাদের, বার্ডের অতিরিক্ত
মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম।
দুই দিন ব্যাপী সম্মেলনের প্রথমদিন প্রধান
অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ
পুনর্গঠনে ও বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে।
বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত
হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিআরডিবি বার্ডের সফল কর্মসূচির
ফসল।
তিনি আরও বলেন, স্থায়ীভাবে দেশের দারিদ্র্য বিমোচনের জন্য
মাননীয়প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রসূত 'আমার বাড়ী আমার খামার' প্রকল্পের
আওতায় বার্ড লালমাই-ময়নামতি প্রকল্পের মাধ্যমে কুমিল্লার লালমাই
অঞ্চলের
পাহাড়ী এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়নে বিভিন্ন কম্পোনেন্ট
বাস্তবায়ন করছে। তিনি সরকারের অগ্রাধিকারভুক্ত এজেন্ডা "আমার গ্রাম আমার
শহর" বাস্তবায়নে বার্ড কে অগ্রনী ভূমিকা গ্রহনের জন্য আহবান জানান।
নীতি
নির্ধারনী পেপার উপস্থাপনায় বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান বার্ডের
বর্তমান কার্যক্রম এবং "আমার গ্রাম আমার শহর” ও “কৃষি যান্ত্রিকীকরণের
বিকাশ" শীর্ষক প্রায়োগিক গবেষণাসহ অন্যান্য প্রায়োগিক গবেষণার কথা তুলে
ধরেন। তিনি আরও বলেন, অতীতের মত বার্ড পল্লী'র জনগণের ভাগ্য উন্নয়নে
নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বার্ড গত অর্থবছরে ০১টি আন্তর্জাতিক কোর্সসহ
মোট ১৫০টি কোর্সের মাধ্যমে ৫৫৪৭ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে। জাতীয়
পর্যায়ে প্রশিক্ষণের মধ্যে রয়েছে বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের
বুনিয়াদি প্রশিক্ষণ, বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের তৃণমূল
পর্যায়ের সুফলভোগীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্স। গবেষণা কার্যক্রমের অংশ
হিসেবে বার্ড গত বার্ষিক পরিকল্পনা সম্মেলনের সিদ্ধান্তের আলোকে ১৪টি
গবেষণাকর্ম সম্পন্ন করেছে। এর মধ্যে ৬টি গবেষণা গ্রন্থ আকারে প্রকাশিত
হয়েছে। বার্ড বর্তমানে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত বার্ড ভৌত
সুবিধাদি উন্নয়ন প্রকল্প, বাওঁ আধুনিকায়ন প্রকল্প এবং সিডিডিপি ৩য় পর্যায়
প্রকল্প বাস্তবায়ন করছে।
এছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৪টি প্রকল্প বাস্তবায়ন করছে।