‘সিটির ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানের প্রস্তুতি চলছে’
Published : Monday, 4 October, 2021 at 12:00 AM
সারাদেশে নয়, শুধু সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের অধিক বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আমাদের আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের অধিক, তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটাও যেকোনও জায়গায় দেওয়া যাবে না। তারও কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে। হয়তো শুধু সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, টিকা কখন ও কীভাবে দেওয়া শুরু করতে পারবো, তা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথাবার্তা চলছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।