ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশে টিকার সঙ্কট নেই, সবাই পাবে: পররাষ্ট্রমন্ত্রী
Published : Sunday, 8 August, 2021 at 12:00 AM
দেশে টিকার কোনো সঙ্কট নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের সব নাগরিকই কোভিড-১৯ টিকা পাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণে টিকা মজুত রয়েছে।
শনিবার (৭ আগস্ট) সিলেট নগরের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকার গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিসিকের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে একথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকার ব্যবস্থা করছে। সামনে আরও প্রচুর টিকা দেশে আসবে।
‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনকে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সারাদেশের মতো সিলেট নগরেও শুরু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ বা গণটিকাদান কর্মসূচি। সিলেট নগরে ৮১টি কেন্দ্রে একযোগে এ কর্র্মসূচি শুরু হয়।
শনিবার সকাল ৯টা থেকে সিলেট জেলা ও মহানগর এলাকায় ৩৮১ বুথে একযোগে শুরু হয় টিকাদান কার্যক্রম। যার মধ্যে সিলেট মহানগরে ৮১টি ও জেলার ইউনিয়নগুলোতে ৩০০টি কেন্দ্র রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সারাদেশে কেবল আজ এ ক্যাম্পেইন চললেও সিলেট সিটি করপোরেশন এলাকায় রোববার (৮ আগস্ট) ও সোমবার (৯ আগস্ট) চলমান থাকবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকার্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, আমরা শনি, রবি ও সোমবার টানা তিন দিন ক্যাম্পেইন চালাব। এই তিন দিনে আমাদের লক্ষ্য ৬০ হাজার ডোজ টিকা দেয়া। এর মধ্যে প্রথম দিন (আজ শনিবার) দেয়া হবে ২৫ হাজার টিকা। বাকিগুলো পরের দুদিনে দেয়া হবে।