১৫ জুলাই থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালাবে দুই এয়ারলাইন্স
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM
করোনাভাইরাস মহামারীর সংক্রমণের মধ্যে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় অভ্যন্তরীণ রুটে আবারও নিয়মিত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের দুই বেসরকারি এয়ারলাইন্স।
ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো.কামরুল ইসলাম মঙ্গলবার দুপুরে জানান, ১৫ জুলাই থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ৭টি, যশোরে ৬টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ৪টি করে ফ্লাইট চালাবে।
নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তারা প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৬ টি, যশোরে ৬টি, বরিশালে ৪টি, সিলেটে ৩টি, রাজশাহীতে ৩টি ও কক্সবাজারে ২টি ফ্লাইট পরিচালনা করবে।
তবে সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনও ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।
বিমানের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে প্রয়োজনীয় নির্দেশনা পেলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে জানানো হবে।
করোনাভাইরাস মহামারীর সংক্রমণ শুরু হওয়ার পর গত বছর মার্চে দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বেবিচক। অবশ্য জুলাই থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে আকাশপথ।
চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে সরকার ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করে। ওই বন্ধ করা হয় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও। তবে ২১ এপ্রিল থেকে আবারও সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। তবে সরকার ঘোষিত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।