ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬
Published : Wednesday, 7 July, 2021 at 12:24 PM
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির সার্ফসাইড এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এছাড়াও এ ঘটনায় এখনও আরও ১০৯ জন নিখোঁজ রয়েছেন। 

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকালও ওই ভবনে উদ্ধার কাজ চালিয়েছেন উদ্ধারকর্মীরা। মৌসুমি ঝড় ‘এলসা’র আঘাতে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   

মৌসুমি ঝড় ‘এলসা’ আজ বুধবার সকালে হ্যারিকেনে রূপ নিয়ে উত্তর ফ্লোরিডা উপসাগরীয় উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার। ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। 
ঝড় এলসা নিয়ে শঙ্কার কথা জানিয়ে মিয়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, এরই মধ্যে আবহাওয়া প্রতিকূল হয়ে পড়েছে। এ কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। আবহাওয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে ঝোড়ো বাতাসের কারণে ধ্বংসাবশেষ সরাতে বড় ক্রেনগুলোর সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট।

খবরে বলা হয়, ভবনটি ধসে পড়ার সময় বাসিন্দাদের বেশির ভাগ ঘুমাচ্ছিলেন। ধসে যাওয়া ওই ভবনের ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন প্রকৌশলীরা। ভবনটির মূল নকশায় ত্রুটি ছিল। ভবনের পার্কিংয়ে ফাটল রয়েছে। এছাড়া ভবনের পুলের নিচের স্ল্যাবেও ত্রুটি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রকৌশলীরা সতর্ক করে বলেছিলেন, এ ত্রুটির কারণে ভবনের বড় ধরনের ক্ষতি হতে পারে।