ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফের স্থগিত সিনিয়র নার্স নিয়োগের লিখিত পরীক্ষা
Published : Wednesday, 5 May, 2021 at 12:00 AM
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের অধীন সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে ২ হাজার ৫০০ জন নিয়োগের লিখিত পরীক্ষা ফের স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এর আগে স্থগিত হওয়া এ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল সোমবার (৩ মে)। একদিনের মাথায় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুনরায় তা স্থগিতের তথ্য জানাল পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে সরকার ঘোষিত লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে স্বাস্থ্য বিভাগ। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্সের (১০ম গ্রেড) ৯ মের অনুষ্ঠিত পরীক্ষা কমিশন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরবর্তীতে ওই পদের পরীক্ষার তারিখ ও সময় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আড়াই হাজার নার্স নিয়োগের পরীক্ষা স্থগিত করেছিল পিএসসি। এরপর গত সোমবার পুনরায় পরীক্ষা গ্রহণের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
মঙ্গলবার ফের তা স্থগিত করা হলো।
গত বছরের ১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে ২ হাজার ৫০০ জনকে নিয়োগের কথা বলা হয়েছিল। গত ২৮ জানুয়ারি সিনিয়র স্টাফ নার্স পদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি এমসিকিউয়ের ফল প্রকাশ করে পিএসসি। পরে ১১ মার্চ দশম গ্রেডের পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছিল পিএসসি।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা গত ১০ এপ্রিল রাজধানীর ১৫টি কেন্দ্রে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ৩১ মার্চ সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।