যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM
বরগুনার আমতলীতে দুই সন্তানের জননী রাবেয়া (২৪) নামে এক নারীকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী অলি উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের ১ নং ওয়ার্ডে।
জানা গেছে, ২০০৮ সালে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে মো. অলি উল্লাহ সাথে চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের আব্দুল আজিজ মোল্লার কন্যা রায়েরা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাবেয়াকে যৌতুকের জন্য বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে স্বামী অলি উল্লাহ। এ নিয়ে একাবিকবার মামলা ও সালিশ বৈঠক হয়। কিন্ত গত কয়েক দিন ধরে স্ত্রীকে ২ লক্ষ টাকা যৌতাক দাবি করতে থাকে। ঘটনার দিন সকালে রাবেয়া যৌতুক প্রদানে অস্বীকৃতি জানালে অলিউল্লাহর লোহার রড ও ইট দিয়ে রাবেয়াকে নির্মমভাবে পিটিয়ে হতা করে। এসময় সন্তানদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘাতক স্বামী অলি উল্লাহকে আটকে রেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের ভাই মো. বশির উদ্দিন বাদী হয়ে আমতলী থানায় স্বামী অলি উল্লাহ ও তার মা রাবেয়া বেগমকে (৫৮) আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
এ বিষয়ে আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ঘাতক স্বামী অলি উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়। তিনি আরো বলেন, অন্য আসামীকে দ্রুত গ্রেফতার করা হবে।