মেসি-গ্রিজম্যানের জোড়া গোলে বার্সার দারুণ জয়
Published : Monday, 11 January, 2021 at 12:00 AM
মেসি
ও গ্রিজম্যানের জোড়া গোলে দারুণ জয় পেল কাতালান জায়ান্টরা। গ্রানাদাকে
হারাল ৪-০ গোলে। এ জয়ে লা লিগায় টানা তিন ম্যাচে জয়ের দেখা পেল বার্সা। ফলে
লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠল রোনাল্ড কোমানের দল।
লস কারমেনেসে শনিবার
লা লিগায় গ্রানাদার আতিথ্য নেয় কাতালানরা। সেখানের শেষ সফরটা সুখকর ছিল না
বার্সেলোনার। সেবার হেরেছিল ২-০ গোলে। এবার প্রতিশোধের পাশাপাশি লা লিগায়
শেষ ২ ম্যাচে জয় বার্সাকে পয়েন্ট টেবিলে ওপরে তুলে এনেছে।
ম্যাচে পাওয়া
প্রথম সুযোগই কাজে লাগায় বার্সা। ১২ মিনিটে অসাধারণ নৈপুণ্যে অতিথিদের
গোলখাতা খোলেন ফরাসি খেলোয়াড় আঁতোয়া গ্রিজম্যান। পরের গোলটি আসে ম্যাচের ৩৫
মিনিটে। গ্রিজম্যানের বাড়ানো বল জালে জড়ান লিওনেল মেসি।
প্রথমার্ধের
শেষ সময় পর্যন্ত আক্রমণে ছিল বার্সা। ৪২ মিনিটে ফ্রি কিকে দারুণ এক গোল করে
কাতালানদের স্কোর ৩-০ করেন বার্সা অধিনায়ক মেসি। বিরতির পর ফিরে রক্ষণভাগে
কিছুটা মনোযোগী হয়ে ওঠে বার্সা। স্কোর বাড়াতেও চললো আক্রমণ।
৬৩তম
মিনিটে ডান দিক থেকে দেম্বেলের চিপ করে বাড়ানো বল ডি-বক্সে নিখুঁত শটে
স্কোরলাইন ৪-০ করেন গ্রিজমান। ৬৫ মিনিটে মেসিকে তুলে কোচ মাঠে নামান
ব্রাথওয়েটকে। এরপর অবশ্য বার্সাও আর গোলের দেখা পায়নি।
আসরে এই নিয়ে
টানা আট ম্যাচ অপরাজিত রইল স্পানিশ কাবটি। টানা তিনটি সহ জয় ছয়টি, ড্র
দুটি। ১৮ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৪। অন্যদিকে ১৭
ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে গ্রানাদা।