গত আগস্টে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তিনি দলে যোগ দেওয়ার আগেই পিএসজি ছাড়ার পাকাপোক্ত ইচ্ছার কথা জানিয়েছিলেন দলের অন্যতম বড় তারকা কাইলিয়ান এমবাপে।
স্পেনের আরেক ক্লাব রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে অনেক বেশি আগ্রহী ফরাসি তরুণ। কিন্তু তাকে কোনোভাবেই ছাড়তে রাজি হয়নি ফ্রান্সের ক্লাব পিএসজি। এমবাপেকে দলে পেতে ২২০ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি ছিলো রিয়াল মাদ্রিদ। তবু রাজি হয়নি পিএসজি।
তবে বর্তমান ক্লাবের সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ চলতি মৌসুমেই শেষ হয়ে যাবে। পরে নতুন মৌসুমে যে তিনি রিয়ালে যোগ দেবেন, তা একপ্রকার নিশ্চিতই বলা চলে। আর তিনি গত জুলাইয়েই এ বিষয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত পিএসজিকে জানিয়ে দিয়েছিলেন।
আরএমসি স্পোর্টকে এমবাপে বলেছেন, ‘মানুষ বলে, আমি কি না পিএসজির ৬-৭টি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি এবং লেওনার্দোর (পিএসজির পরিচালক) সঙ্গে আর কথাই বলতে চাই না। এটি সত্যি নয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমার অবস্থান পরিষ্কার ছিলো। আমি ক্লাব ছাড়তে চেয়েছিলাম এবং সেটা বেশ আগেভাগেই জানিয়েছিলাম। আমি চাইনি শেষ দিকে এটা জানালে কেউ ভিন্ন কিছু বলুক। তাই আমি জুলাইয়ের শেষ দিকেই ক্লাব ছাড়ার বিষয়ে জানিয়ে দিয়েছিলাম।’
আগেভাগে সময় নিয়ে ক্লাবকে এ বিষয়ে জানিয়ে দেয়ার পেছনে ক্লাবের স্বার্থই দেখেছিলেন এমবাপে, ‘আমি ক্লাব ছাড়তে চেয়েছিলাম। কারণ আমি যখন চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছি, তখন থেকেই চেয়েছি ক্লাবকে একটা ট্রান্সফার ফি এনে দিতে। যাতে ভালো একজন বদলি খেলোয়াড় নেয়া যেতে পারে।’
এসময় পিএসজিতে কাটানো সময়ের বিষয়ে এমবাপে বলেছেন, ‘এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে এবং এখানে কাটানো চার বছর আমি অনেক সুখে ছিলাম, এখনও তাই আছি। আমি আগেভাগেই বিষয়টি জানিয়েছি, যেনো ক্লাব কোনো সিদ্ধান্ত নিতে পারে।’