ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজশাহীতে বিধিনিষেধ আরও বাড়ল
Published : Sunday, 6 June, 2021 at 8:27 PM
রাজশাহীতে বিধিনিষেধ আরও বাড়লরাজশাহীতে করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় চলমান প্রতিদিনের বিধিনিষেধ আরও দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে বিকাল ৫টায় মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ হয়ে যাবে।

করোনা পরিস্থিতি নিয়ে রোববার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে ২ জুন জেলা প্রশাসন নির্দেশনা জারি করেছিল যে, সন্ধ্যা ৭টা থেকেই দোকানপাট বন্ধ করতে হবে। কিন্তু করোনা নিয়ন্ত্রণে না আসায় বিভিন্ন মহল থেকে কঠোর লকডাউনের দাবি উঠেছিল।

শনিবার বিকালে এ দাবিতে ১৪ দলের রাজশাহীর নেতৃবৃন্দ জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। এ নিয়ে পরদিন জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হলো। সেই সভা থেকে বিধিনিষেধ দুই ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জেলা প্রশাসন ইতোমধ্যে সন্ধ্যা ৭টা থেকে বিধিনিষেধ আরোপ করেছিল। এই সময়টা আরও দুই ঘণ্টা এগিয়ে আনা হলো। এখন বিকাল ৫টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে। সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হবে।

লকডাউন না দেয়ার কারণ ব্যাখা দিয়ে মেয়র বলেন, জীবনও বাঁচাতে হবে, জীবিকাও চালাতে হবে। এখন লকডাউন দিয়ে দিলে দুই বা আড়াই হাজার কোটি টাকার আমের ব্যবসা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্রব্যমূল্যের দাম বাড়বে। দরিদ্র মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়বে। আমরা তিন থেকে পাঁচদিন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। তারপর পরবর্তী সিদ্ধান্ত হবে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।