
দিনাজপুরের বিরলে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। রবিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে বিরল পৌরসভার মেসার্স সুবাইতা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন– মোটরসাইকেল চালক রংপুরের বদরগঞ্জ উপজেলার তমিজউদ্দিনের ছেলে আজিজুল হক (৬০) এবং ইজিবাইকের যাত্রী বিরল উপজেলার বুনিয়াদপুর গ্রামের মৃত খেজাল উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৫০)।
ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘাতক ট্রাক আটক হলেও চালক ও সহযোগীরা পলাতক।
বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আজাহারুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর পরই ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মোকাদ্দেস বলেন, ‘আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। সবার যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।’
বিরল থানার ওসি জানান, এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।