ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ত্রিপুরা ভাষায় কুবি শিক্ষার্থীর অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ
Published : Sunday, 16 October, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
দীর্ঘ ২ বছরের প্রচেষ্টায় ত্রিপুরার মাতৃভাষাতে (ককবরক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের সাবেক শিক্ষার্থী যুবরাজ দেববর্মা। দেববর্মা 'ককবরক' বইটির নাম দিয়েছেন 'পাইথাকয়া লাংমা’। যার এর অর্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’।
বাংলাদেশের নৃগোষ্ঠীদের মধ্যে তৃতীয় বৃহত্তম জাতি হলো ত্রিপুরার। তাদের মাতৃভাষা 'ককবরক' অর্থ মানুষের ভাষা আর ব্যবহারিক অর্থ করলে দ্বারায় ত্রিপুরাদের ভাষা। বর্তমানে ত্রিপুরা জনগোষ্ঠীর ৩৬ টি গোত্রের ভাবপ্রকাশের মাধ্যম।  এছাড়াও গারো, কোচ, হাজং ইত্যাদি জনগোষ্ঠীর ভাষাও একই শ্রেণিভুক্ত।
ত্রিপুরা ভাষায় জাতির জনকের জীবনীগ্রন্থটি অনুবাদের বিষয়ে দেববর্মা বলেন,  "মাননীয় প্রধানমন্ত্রী যখন ২০২০ সালকে মুজিব শতবর্ষ ঘোষণা করেন সেসময় থেকেই আমার মধ্যে নিজের জনগোষ্ঠীর পক্ষ থেকে কিছু করার ইচ্ছাজাগে তাই অনুবাদের পথটি বেছে নেই। যেন একসাথে নিজেদের ভাষাকেও উপস্থাপন করতে পারি পাশাপাশি যে মানুষটা মহান স্বাধীনতা এনে দিয়েছেন তার আদর্শটাও একটু ভিন্নভাবে ছড়িয়ে দিতে পারি।
এছাড়াও বর্তমানে 'ককবরক' একটি বিলুপ্তপ্রায় ভাষা। আমাদের পরের প্রজন্ম হয়তো আর এভাষার অনেক অর্থই জানবেনা। তাই নিজেদের ভাষাটাকে বাঁচিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াসও বলা যায় এটাকে।"
তিনি আরও বলেন, "সদ্য গ্রাজুয়েশন শেষ একজন ছাত্রের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিকভাবে চাপে থাকে তা আপনি জানেন। এতকিছু সামলে কাজটা করার মূহুর্তগুলো বলে বুঝাতে পারবোনা। একটা সময় মনে হয়েছিল হাল ছেড়ে দেই, আমার পক্ষে সম্ভবনা। কিন্তু কিছু মানুষের অনুপ্রেরণা আমাকে পুরো পাণ্ডুলিপিটি অনুবাদ করতে সাহস যুগিয়েছে। "
পাণ্ডুলিপিটি গ্রন্থাকারে প্রকাশের বিষয়ে তিনি বলেন, "বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর, সাবেক শিক্ষা সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম খানের সাথে ওনার সহকারির মাধ্যমে যোগাযোগ করেছি। তারা বলেছেন, আমাকে জানাবে। বাকিটা স্যারের সাথে কথা বলার পর বলতে পারবো।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর নজরুল ইসলাম খান বলেন, "আমাদের পক্ষ থেকে তাকে 'ককবরক' ভাষায় পারদর্শী তৃতীয় কাউকে দিয়ে চেক করানোর কথা বলা হয়েছে।  তিনি চেক করালে আমরা দায়িত্ব নিয়ে ছাপিয়ে দিবো কিন্তু কোনো আর্থিক সহায়তা দিতে পারবোনা।"
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরীর বলেন, "বিভাগের শিক্ষার্থী থাকাকালীন সবসময়ই সে একটু ভিন্নধর্মী চিন্তা করতো তারই একটা রিপ্লেকশন বলা যায় এটা। আর বঙ্গবন্ধুর চিন্তাভাবনা আমরা যতবেশি মানুষকে জানাতে পারবো ততোই কল্যাণ। আর এটা যেহেতু সে তাদের ভাষায় করেছে সেহেতু তাদের জাতিগোষ্ঠীর জন্যও বঙ্গবন্ধুকে জানতে সহজ হবে।"
এছাড়া অনুষদ অথবা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, "এই বিষয়গুলো বর্তমান রাষ্ট্রীয়ভাবেই দেখা হয়। সে যদি চায় প্রয়োজনে আমরাও তাকে সহায়তা করবো। একদমই কোনো উপায় না থাকলে প্রয়োজনে আমরা বিভাগ কিংবা ডিন অফিস থেকে সহায়তা করবো।"
প্রসঙ্গত, ত্রিপুরারা ভারতীয় উপমহাদেশের এক প্রাচীন জাতি। পাহাড়, বন ও প্রকৃতিকে আঁকড়ে বসবাস করা এ নৃগোষ্ঠীটি বাংলাদেশের তিন পার্বত্য অঞ্চল ছাড়াও সমতল এলাকার কুমিল্লা, সিলেট চাঁদপুর, রাজবাড়ী ও ফরিদপুর অঞ্চলে বসবাস করে। ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী  ২ লক্ষাধিক ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস করে।