বেনজেমার পেনাল্টি মিসে পয়েন্ট হারাল রিয়াল
Published : Tuesday, 4 October, 2022 at 12:00 AM
গেল
মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ
জিতিয়েছিলেন বেনজেমা। তবে গত রাতে তার এক ভুলের কারণেই রিয়ালের ভিলেন হয়ে
গেলেন ফরাসী এই স্ট্রাইকার। ওসাসুনার বিপক্ষে পেনাল্টি মিস করেছেন তিনি,
গোলটা করতে পারলে জয় নিশ্চিত হয়ে যেত তার দলের। ১০ জনের ওসাসুনার বিপক্ষে
ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। তাতে বার্সাকে শীর্ষ থেকে নড়াতে পারেনি
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম ৯ ম্যাচ
জয়ের পর জিততে ব্যর্থ হলো তারা।
ম্যাচের শুরুতেই স্বাগতিকদের বুকে
কাঁপন ধরিয়ে দেয়ার চেষ্টা চালায় ওসাসুনা। তবে ১৫ মিনিটে প্রথম ভালো সুযোগ
পেয়েও বাঁ দিক থেকে বল পাশের জালে মারেন বার্সেলোনা থেকে ধারে দলটিতে খেলতে
আসা উইঙ্গার আব্দে সামাদ। ৩৫ মিনিটেও তার শট লক্ষ্যে ছিল না।
৩৯তম
মিনিটে রিয়ালকে এগিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া করেন বেনজেমা। ভিনিসিয়াস
জুনিয়রের বাড়ানো বল প্রথম স্পর্শে ফরাসি ফরোয়ার্ডের ভলি পোস্ট ঘেঁষে বেরিয়ে
যায়। ম্যাচের ৪২ মিনিটে প্রথম এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে
ওসাসুনার বক্সে ক্রস দেন ভিনিসিয়াস। কিন্তু অতিথিরা কিকে গার্সিয়ার গোলে
দ্বিতীয়ার্ধের পর সমতা ফেরায়।
৮০ মিনিটে এগিয়ে যাওয়ার একটা সুযোগ এসেছিল
রিয়ালের সামনে। করিম বেনজেমাকে ফাউল করে ডেভিড লাল কার্ড দেখেন, রিয়ালকে
দেওয়া হয় পেনাল্টি। তবে বেনজেমা সেই পেনাল্টি কাজে লাগাতে পারেননি। তার
নেওয়া শটটা গিয়ে প্রতিহত হয়েছে ক্রসবারে। যার ফলে গোলের দেখা আর পায়নি
রিয়াল। এই নিয়ে শেষ ৭টি পেনাল্টির ৫টিই মিস করল রিয়াল। যার মধ্যে ৪টিই মিস
করেছেন বেনজেমা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র'তে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট
থাকতে হয় লস ব্ল্যাঙ্কোসদের। আর এই সুযোগে লা লিগার শীর্ষস্থান দখল করে
নিয়েছে বার্সেলোনা।