ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১ সপ্তাহ স্থগিত ইন্দোনেশিয়ার ফুটবল লিগ
Published : Monday, 3 October, 2022 at 12:00 AM
ইন্দোনেশিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষের পর পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। ম্যাচ শেষে সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পদদলিত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির ফুটবল লিগই এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়ান পুলিশের বিরুদ্ধেও ফিফার নিয়মাবলি ভাঙার অভিযোগ সামনে আসছে।
শনিবার রাতে পূর্ব জাভার মালাং শহরে কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার কাছে হেরে যাওয়ার পর পরাজিত দলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ম্যাচের আরেমা এফসি হেরে যাওয়ার পর কয়েক হাজার সমর্থক মাঠে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় দু'জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে।
পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা জানান, দাঙ্গাকারীদের মাঠ থেকে গ্যালারিতে ফেরত পাঠাতে পুলিশ টিয়ার শেল ছুড়তে শুরু করে। এ সময় হুড়োহুড়িতে অনেকে পদদলিত হয় এবং সেখানে দমবন্ধ করা একটি পরিস্থিতির তৈরি হয়।
এই ঘটনার দায়ী হিসাবে অভিযোগ উঠছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেই। প্রথমত, ফিফার নিয়মে পরিস্কার বলা রয়েছে, কোনও পরিস্থিতিতেই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য কাঁদানে গ্যাস বা গুলি চালানো যাবে না। এই নিয়মের বিষয়ে আদৌ স্থানীয় পুলিশ জানত কিনা, তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি পূর্ব জাভার পুলিশ।
ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রী মাহফুদ মহম্মদ বলেন, স্টেডিয়ামে ৩৮ হাজার দর্শক আসন রয়েছে। কিন্তু এই ম্যাচের জন্য বিক্রি করা হয় ৪২ হাজার টিকিট। ইন্দোনেশিয়ার ক্লাব ফুটবলের ম্যাচ ঘিরে অনেক আগেই এরকম অশান্তির ঘটনা ঘটেছে।
ইন্দোনেশিয়ার ক্রীড়া মন্ত্রী জইনুদ্দিন আমালি জানান, ফুটবল ম্যাচে নিরাপত্তা আরও কড়া করতে হবে। তার জন্য প্রয়োজন পড়লে দর্শকশূন্য স্টেডিয়ামেও খেলানো হতে পারে।