স্টোনস-হলান্ডের গোলে সিটির দুর্দান্ত জয়
Published : Friday, 16 September, 2022 at 12:00 AM
চোখ ধাঁধানো স্ট্রাইকে আর্লিং হাল্যান্ড তার আগের ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলের ঘুরে দাঁড়ানো জয় এনে দিলেন ম্যানসিটিকে। এই মৌসুমে জার্মান ক্লাব থেকে সিটিজেনদের সঙ্গে যুক্ত হন নরওয়েজিয়ান স্ট্রাইকার। ধারাবাহিকতা ধরে রেখে সাবেক ক্লাবকেও ছাড় দিলেন না তিনি।
বুধবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে ডর্টমুন্ডকে স্বাগত জানায় ম্যানসিটি। প্রথমার্ধে দুই দল মাত্র একটি করে শট নিতে পেরেছিল লক্ষ্যে। ম্যাচের দৃশ্য পাল্টে যায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা ছোঁয়ার আগে। ৫৬ মিনিটে মার্কো রিউসের ক্রস থেকে খালি জালে বল জড়ান জুডে বেলিংহাম।
পিছিয়ে পড়ে ম্যানসিটি দ্রুত ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। কয়েক মিনিট পর হাল্যান্ড আড়াআড়ি শটে আউটসাইড পোস্টে আঘাত করেন। তবে সমতা ফেরাতে তাদের আরও সময় লেগেছে। ৮০ মিনিটে লক্ষ্যে নেওয়া প্রথম শটে গোল করেন জন স্টোন্স। চার মিনিট পর জোয়াও কানসেলোর চমৎকার ক্রস থেকে হাল্যান্ড জাল খুঁজে পান অ্যাক্রোবেটিক শটে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে এটি তার ১৩তম গোল।
ম্যাচ শেষে ২২ বছর বয়সী এই স্ট্রাইকার বলরেন, ‘শেষে এসে আমরা দেখালাম আমরা কী। আমরা এটাই এবং এভাবেই খেলি। শেষ ২০, ২৫ মিনিট নিয়ে আমি গর্বিত।’
সেভিয়াকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করা ম্যানসিটি ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে। ৩ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় ডর্টমুন্ড। দিনের আরেক ম্যাচে এফসি কোপেনহেগেন গোলশূন্য ড্র করেছে সেভিয়ার সঙ্গে।