নদী রক্ষা কমিশনের খসড়া আইন পরিমার্জনের কাজ চলছে
Published : Wednesday, 7 September, 2022 at 12:00 AM
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসহ সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নিয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের খসড়া আইন পরিমার্জনের কাজ চলমান আছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) এবং নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে এ তথ্য জানানো হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে জানানো হয়েছে, ঢাকার চারপাশের নদ-নদী দূষণমুক্ত করতে জাতীয় নদী রক্ষা কমিশন কার্যক্রম শুরু করেছে। আগামী বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের আগে এ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা হতে পাওয়া মতামত বিবেচনায় নিয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের খসড়া আইন-২০২১ পরিমার্জনের কাজ চলমান রয়েছে।
আগামী ২৫ সেপ্টেম্বর ‘বিশ্ব নদী দিবস’ উদযাপিত হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দিবসটি উপলক্ষে রাজধানীসহ জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় নদী রক্ষা কমিশন ‘বিশ্ব নদী দিবস’ উদযাপন উপলক্ষে রাজধানীতে সেমিনারের আয়োজন করবে।
দেশের নদী রক্ষার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির জন্য সভা, সমাবেশ, কর্মশালা, প্রচার-প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। দিবস উদযাপনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহযোগিতায় নদী বন্দরগুলোতে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে।
সভায় বিএসসির জন্য ছয়টি নতুন এলএনজি ট্যাংকার/ক্যারিয়ার কিনতে আন্তঃমন্ত্রণালয় সভা দ্রুত করার তাগিদ দেওয়া হয়। কুড়িগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) শাখা স্থাপন এবং চট্টগ্রামে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের ‘সীম্যান্স হোস্টেল কমপ্লেক্স ভবন’ নির্মাণে আনুষঙ্গিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বলা হয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য কামরুন নাহার আহমেদ এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এস এম মনিরুজ্জামান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. নিজামুল হক, এনএমআইর অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের পরিচালক সুমন বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন।