বদলে গেলো ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদকের’ নাম
Published : Monday, 5 September, 2022 at 12:00 AM
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রবর্তিত ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’-এর নাম পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম দেওয়া হয়েছে ‘জাতীয় মানবকল্যাণ পদক’। রবিবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।
ক্যাবিনেট সচিব সাংবাদিকদের জানান, মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালার নাম সংশোধনের একটা প্রস্তাব ছিল। এর আগে যখন পুরস্কার দেওয়া হয়েছিল তখন জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যরা বলেছিলেন, নামটা একটু পরিবর্তন করা দরকার। সেজন্য তারা তিনটি নাম নিয়ে আসেন। আজকের বৈঠকে আলাপ-আলোচনা করে নাম পরিবর্তন করে ‘জাতীয় মানবকল্যাণ পদক-২০২২’ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৮ সালে ‘মাদার অব হিউম্যানিটি পুরস্কার’ হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছিল। আজকের মন্ত্রিসভার বৈঠকে নামটি পরিবর্তন করা হয়েছে।
পদকের নাম পরিবর্তন সংক্রান্ত নতুন নীতিমালা অনুযায়ী পদকের সংখ্যা হবে প্রতি বছর ব্যক্তি পর্যায়ে তিনটি এবং সংস্থা বা প্রতিষ্ঠান পর্যায়ে দুটিসহ মোট পাঁচটি। মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদকপ্রাপ্ত ব্যক্তি ও সংস্থাকে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণের একটি পদক, পদকের একটি রেপ্লিকা, ২ লাখ টাকা ও একটি সম্মাননা সনদ দেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী পাঁচটি ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হবে। বয়স্ক, বিধবা ও স্বামীর নিগৃহের শিকার নারীদের কল্যাণ ও পুনর্বাসনে অবদান; প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা; আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, অনগ্রসর মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা এবং মিয়ানমারের ১১ লাখ নাগরিককে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তাই প্রধানমন্ত্রীর ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি অনুসারেই ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ প্রচলন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।