ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডিবি পুলিশ পরিচয়ে ১১ লাখ টাকা ছিনতাই
Published : Monday, 5 September, 2022 at 12:00 AM
ফেনীর দাগনভূঞায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির ১১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যক্তির নাম নুরুল করিম জুয়েল। তিনি রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বরাত দিয়ে তার চাচাতো ভাই দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর একরামুল হক জানান, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তাদের একটি জমি রেজিস্ট্রি করার কথা রয়েছে। ওই জমি কেনার জন্য জুয়েলের অ্যাকাউন্টে ১১ লাখ টাকা জমা ছিল। রোববার দুপুরে ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে টাকাগুলো তুলে সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
পথে ফাজিলেরঘাট রোডে কালা মিয়ার দোকান সংলগ্ন এলাকায় গেলে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। এ সময় চারজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে টেনেহিঁচড়ে অটোরিকশা থেকে নামান এবং হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেন। তারপর চোখ বেঁধে মারধর করে তার সঙ্গে থাকা ১১ লাখ টাকা ছিনিয়ে নেন। পরে তাকে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে ফেলে দিয়ে তারা চলে যান। পরে ভুক্তভোগী নুরুল করিম ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম বলেন, ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা ও ফাজিলের ঘাট রোডের সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।


বিদেশ যাওয়ার আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এক জীবনে নিজের এই দেশের (বাংলাদেশ) সব বৈচিত্র্য দেখে শেষ করা যাবে না। তাই আগে নিজের দেশের ৫৬ হাজার বর্গমাইলের বৈচিত্র্য দেখা উচিত। অথচ ভ্রমণ শুনলেই আমাদের মনে হয় বিদেশ ভ্রমণ।
শিক্ষামন্ত্রী রোববার মোহাম্মদপুর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘ঘুরে দেখো বাংলাদেশ উইথ ট্যালেন্ট ট্যুরিস্ট কম্পিটিশন’র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে আমরা হাওর অঞ্চলের অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই। চরের জীবনযাত্রা ও পরিবেশ বৈচিত্র্যময়। আমাদের সুন্দরবন আছে। বনাঞ্চল আছে, চা বাগান আছে। ঢাকা শহর থেকে একটু বেরুলেই বিস্তীর্ণ সবুজ, চোখ জুড়িয়ে যায়।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে এত কিছু দেখার আছে, এক জীবনে ৫৬ হাজার বর্গমাইলের সবকিছু দেখা সম্ভব নয়। ভ্রমণ শুনলেই আমাদের মনে হয় বিদেশ ভ্রমণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, আয়োজক কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।