ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কারও সহানুভূতি নয়, আমি আবারও উড়বো: মুনিম
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
বিপিএলে ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে অভিষেক হয় মুনিম শাহরিয়ারের। তবে তুমুল সম্ভাবনা নিয়ে জাতীয় দলে আসলেও আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে পারেন নি তিনি।
চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে ১৭ রানের ইনিংস খেলে তার যাত্রা শুরু। ওপেনিংয়ে দেশের বড় ভরসা হবেন মুনিম, এমনই আশাবাদ ব্যক্ত করেছিল টিম ম্যানেজমেন্ট। সেই স্বপ্ন থমকে গেল মাত্র ৫ ম্যাচেই। আফগানিস্তান সিরিজে দুই ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ সফরে এক ম্যাচ এবং জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচ খেলেছেন মুনিম। ৫ ম্যাচে ৬.৮০ গড়ে ৩৪ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ৭২.৩৪। তাতেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের মোহ কেটে গেছে মুনিমের প্রতি। তাই এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নেই ২৪ বছর বয়সী এই ওপেনারের।
তবে এসব ঘটনায় মুষড়ে পড়েননি মুনিম। বরং জাতীয় দলে ফিরতে ঘুরে দাঁড়াতে চায় তিনি। এজন্য কারও কাছ থেকে কোনো সহানুভূতিও চান না মুনিম। বরং সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য রেখে সামনের দিকে তাকিয়ে এ প্রতিভাবান তরুণ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুনিম লিখেছেন, 'আমি কারও সহানুভূতি চাই না। তবে আমি আবারও উড়বো। হয়তো আজকে অথবা কালকে অথবা কালকের পরদিন কিংবা তার পরেরদিন। শুধুমাত্র আমি ও আমার আল্লাহ্ জানে আমি কোথায় ছিলাম।'
তিনি আরও যোগ করেন, 'আর কেউ আমার কথা জানুক বা না জানুক সেটা কোনো বিষয় না। তবে আমি আশা করি একদিন সবাই দেখবে যে আমি পারি। ইনশাআল্লাহ্ শিগগির আমি নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াবো।'