ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুলার-জামালের নৈপুণ্যে জয়ের ধারায় বায়ার্ন
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
বুন্দেসলিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার রাতে ওল্ফসবুর্গকে ২-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। গোল করেছেন জামাল মুসিয়ালা ও থমাস মূলার। লিগের প্রথম ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে ৬-১ ব্যবধানে উড়িয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করে বায়ার্ন মিউনিখ।
দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে জুলিয়ান নাগেলসমানের দল। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে পনের তম স্থানে ওল্ফসবুর্গ।
ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ ৬৯ ভাগ বলের দখল নিয়ে প্রতিপক্ষের পোস্টে ২৪টি শট নিয়ে লক্ষ্যে রাখে চারটি। বিপরীতে মাত্র ৮টি শট নেয় ওল্ফসবুর্গ, যার লক্ষ্যে থাকে মাত্র দুটি। এতেই বোঝা যাচ্ছে বায়ার্ন মিউনিখের রক্ষণে তেমন সুবিধা করতে পারেনি তারা।
এবারের লিগে ঘরের মাঠে প্রথমবার খেলতে নেমে প্রথমার্ধেই দুই গোল করে বায়ার্ন। ৩৩ মিনিটে জামাল মুসিয়ালার গোলে ডেডলক ভাঙে স্বাগতিকরা। মুলারের বাড়ানো পাস পেয়ে ওল্ফসবুর্গের দুই ফুটবলারকে বোকা বানিয়ে খানিকটা জায়গা পরিবর্তন করে বক্সের উপর থেকে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন জামাল।  ৪৩ মিনিটে ২-০ করে ফেলে থমাস মুলার। জসুয়া কিমিচের কাটব্যাক থেকে ছয় গজ বক্স থেকে ডান পায়ের টোকায় বল জালে জড়ান জার্মান এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি বায়ার্ন মিউনিখ।