ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তানের রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন বাবর আজম
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
সময়ের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম বাবর আজম। টি-টোয়েন্টি এবং ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ ব্যাটার তিনি। টেস্টেও রয়েছেন সেরা তিনে। আলো ছড়ানো ব্যাটিংয়ে একের পর এক অর্জন করছেন পাকিস্তান অধিনায়ক। বাবরের প্রাপ্তির মুকুটে যোগ হয়েছে নতুন একটি পালক। পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'সিতারা-ই-ইমতিয়াজ' পাচ্ছেন তিনি।
এক টুইটার বার্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, 'পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা বার্ষিকীতে নাগরিক পুরস্কারে ভূষিত হওয়ায় মাসুদ জান (দৃষ্টিহীন ক্রিকেটার), পাকিস্তান পুরুষ দলের অধিনায়ক বাবর আজম এবং পাকিস্তান মহিলা দলের অধিনায়ক বিসমাহ মারুফকে অভিনন্দন জানায় পিসিবি।'
বাবর আজম এ মুহূর্তে শুধু পাকিস্তান ক্রিকেটই না, শাসন করছেন বিশ্ব ক্রিকেটকেই। ওয়ানডে ও টি-টোয়েন্টির আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে তিনিই একমাত্র ব্যাটার, যিনি দুইবার শতরানের হ্যাটট্রিক করার নজির গড়েছেন। শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সময়ে ১৭টি শতরানের ইনিংসও খেলেছেন তিনি।
আগামী বছর ২৩শে মার্চ পাকিস্তান ডে'তে তিন ক্রিকেটারের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।