
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজগুলোর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ এমবিবিএস ক্লাস একযোগে গতকাল ১ আগস্ট সোমবার উদ্বোধন করা হয়। তারই ধারাবাহিকতায় ২০০৫ সালে কুমিল্লায় প্রতিষ্ঠিত প্রথম বেসরকারী মেডিকেল কলেজ ইস্টার্ন মেডিকেল কলেজ কাবিলা ক্যাম্পাসে আজ সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে কলেজ অডিটরিয়ামে ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস শুরু হয়।
১৮ তম ব্যাচের ক্লাস উদ্বোধন উপলক্ষ্যে কাবিলা ক্যাম্পাস সজ্জিত হয় মনোরম পরিবেশে। সকাল ৯টা থেকে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থান হইতে নবাগত ছাত্র-ছাত্রীরা তাদের অভিভাবকসহ কাবিলা ক্যাম্পাসে উপস্থিত হতে শুরু করে। ইতিমধ্যেই উক্ত ব্যাচের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ৫২টি আসনে ভারতীয় ও নেপালী ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন পরবর্তী অভিভাবকসহ শিক্ষার্থীরা বিগত ৬/৭ দিন যাবৎ কাবিলা ক্যাম্পাসে মেজর গনি হল (ছাত্র হোস্টেল), শান্তি-সুনীতি হল (ছাত্রী হোস্টেল) এ অবস্থান করছে।
১ আগষ্ট সোমবার উক্ত ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইস্টার্ন মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব জাহাঙ্গীর ভূঁইয়া, সার্জারী বিভাগের অনারারী অধ্যাপক ডাঃ মোঃ আতাউর রহমান, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম। ৫ বৎসর মেয়াদী এমবিবিএস কোর্সের ১ম ফেইজের কো-অর্ডিনেটর বায়োকেমিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মিনতী ব্যানার্জী, এনাটমী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আব্দুর রশিদ, ফিজিওলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ দীপক কুমার স্যানাল একাডেমিক বিষয়ে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু সহ সকল মুক্তিযুদ্ধের শহীদ, ১৯৭১ এর মহান স্বাধীনতা সংগ্রামে ভারতীয় মিত্র বাহিনীর যে সকল সদস্য শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরবর্তীতে বাংলাদেশ, ভারত ও নেপালের জাতীয় সংগীত পরিবেশন করে স্ব-স্ব দেশের ছাত্র-ছাত্রীরা। নবাগত ১৮ ব্যাচের ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় ইএমসি-১৭ ব্যাচের ছাত্র-ছাত্রীরা। নবাগত ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইএমসি-১৬ ব্যাচের বাংলাদেশী ছাত্রী রিপা আক্তার, ইএমসি-১৭ ব্যাচের ভারতীয় ছাত্র- অভ্রদ্বীপ শীল।