ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘বঙ্গবন্ধু উদার রাজনৈতিক দর্শনের ধারক ছিলেন’
Published : Tuesday, 2 August, 2022 at 12:00 AM
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময়োপযোগী উদার রাজনৈতিক দর্শনের ধারক ছিলেন।  সাড়ে তিন বছরে কীভাবে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড় করিয়েছিলেন, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা তার সমস্ত দর্শনের প্রতিফলন বুঝতে পারবো। আমরা বঙ্গবন্ধুর প্রশংসা করি, তার ২৩ বছরের ত্যাগের কথা বলি কিন্তু সাড়ে তিন বছরে রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, সক্ষমতা, যোগ্যতা সেটি কেউ আলোচনা করে না।
সোমবার (১ আগস্ট) বিকালে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায়প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,  আমরা যে গতানুগতিক গণতন্ত্রের কথা বলি তিনি তার থেকে ভিন্ন গণতন্ত্রের কথা বলতেন। তিনি বলেছিলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত। শোষিত আর শোষক, আমি শোষিতের পক্ষে। তিনি গণতন্ত্রের ক্ষেত্রেও শোষিতের গণতন্ত্র চেয়েছিলেন। গণতন্ত্র থাকবে তবে শোষণের পথকে রুদ্ধ করে থাকবে। তিনি সেটিই চেয়েছিলেন।
তিনি আরও বলেন, ধর্মীয় উসকানি দিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা চলছে। শুধু ইসলাম ধর্মাবলম্বীরা না,  অন্যরাও এই ব্যবসা শুরু করেছে ব্যাপকভাবে।  আমরা বলি যে দিন দিন আমরা প্রগতির দিকে যাচ্ছি কিন্তু বাস্তবিকতা তা নয়।
সভাপতির বক্তব্যে লেখক, সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের দর্পণ হচ্ছে বাহাত্তরের সংবিধান। তিনি কেমন রাষ্ট্র চেয়েছেন তার তেইশ বছরের সংগ্রামের জীবনে তিনি বিভিন্ন সময় উল্লেখ করেছেন। তার পুরো জীবনটা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানবতার জন্য সংগ্রাম।  সেই সংগ্রাম সফল হয়েছে স্বাধীন বাংলাদেশের মাধ্যমে। বঙ্গবন্ধুকে হত্যার মূল কারণ ছিল বঙ্গবন্ধুর দর্শনের বাংলাদেশকে হত্যা করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন অ্যারোমা দত্ত এমপি, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ আরও অনেকে।