ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেয়েদের হাত ধরে ৫৬ বছর পর এলো শিরোপা
Published : Tuesday, 2 August, 2022 at 12:00 AM
সেই ১৯৬৬ সালের বিশ্বকাপে ছেলেদের হাত ধরে ইংলিশদের ঘরে শিরোপা এসেছিল। তাও আবার পশ্চিম জার্মানিকে হারিয়ে। তার পর বড় মঞ্চে শিরোপার কাছে গেলেও ফুটবল আর খেলাটির আবিষ্কারকদের ঘরে ফেরেনি। ইউরোর ফাইনালে এবার ‘ইটস কামিং হোম’ কথাটির আসল স্বার্থকতা প্রমাণ করলো মেয়েরা। তাদের হাত ধরেই যে এলো ইংল্যান্ডের বহু দিনের আকাঙ্ক্ষিত  একটি ট্রফি। ফাইনালে অতিরিক্ত সময়ের খেলায় জার্মানিকে হারিয়েছে ২-১ গোলে।  
মেয়েদের আশাতীত সাফল্যে এখন ইংলিশরা বাঁধনহারা উদযাপনে মত্ত। কারণ, যে কোনও পর্যায়ের ফুটবলে যে ইউরোর এই ট্রফি জেতা হলো প্রথমবার। অথচ এই ওয়েম্বলির মাঠেই ২০২০ সালের ইউরোর ফাইনালে পরাজয় দেখতে হয়েছিল হ্যারি কেইনদের। এবার সেই মাঠে জার্মানিকেই হারিয়ে রচিত হলো নতুন এক ইতিহাস।
শিরোপা মঞ্চে দর্শকও উপস্থিত ছিল রেকর্ড সংখ্যক- ৮৭ হাজার ১৯২। এত দর্শককে হতাশ করেনি স্বাগতিক দল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। গোলের শুরুটাও করেছিল ইংল্যান্ড। ৬২ মিনিটে জাল কাঁপান এলা টুন। ছেড়ে কথা বলেনি জার্মানিও। ৭৯ মিনিটে গোলটি করেন ম্যাগুল।
নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ঠিক সেখানেই নিজেদের নৈপুণ্য দেখায় ইংল্যান্ড। ১১০ মিনিটে ব্যবধান গড়ে দেন বদলি খেলোয়াড় ক্লোয়ে কেলির গোল। যার গোল উদযাপনের ভঙ্গিটা চোখে লেগে থাকার কথা দর্শকদের।