ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইংল্যান্ডের মাটিতে প্রোটিয়াদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়
Published : Tuesday, 2 August, 2022 at 12:00 AM
বড় মাঠ, তার পরেও টি-টোয়েন্টির চাহিদা মেনে শুধু বাউন্ডারিতে রান তুললো দক্ষিণ আফ্রিকা। পুরো ইনিংসে যাদের ছয় ছিল মাত্র একটি। সেখানে ১৯২ রানের লক্ষ্যে ইংল্যান্ড দল ৫৫ বলে নিতে পারেনি একটি বাউন্ডারিও! ব্যাটারদের এই ব্যর্থতায় তৃতীয় ম্যাচে ৯০ রানের পরাজয়ে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ইংলিশরা। আর প্রোটিয়া দল এই প্রথম ইংলিশদের মাঠে জিতলো কোনও টি-টোয়েন্টি সিরিজ।   
টস জিতে ফিল্ডিং নেওয়া ইংল্যান্ড তৃতীয় বলে কুইন্টন ডি কককে ফিরিয়ে নিজেদের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছিল। কিন্তু এর পর আর বাধা হতে পারেনি স্বাগতিক দল। বরং রিজা হ্যান্ড্রিকসের ঝড়ো গতির ব্যাটিং বড় সংগ্রহের মঞ্চ গড়ে দিয়েছে। রাইলি রুশো এদিন ১৮ বলে ৩১ রান করতে পেরেছেন।
হ্যান্ড্রিকস ৫০ বলে ৯ চারে ৭০ রানের ইনিংস খেলে বিদায় নিলেও সফরকারীদের ইনিংসটাকে পাহাড়সমান জায়গায় নিয়ে গেছেন এইডেন মারক্রাম। ৩৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। তাতে ছিল শুধু ৫টি বাউন্ডারি। পুরো ইনিংসের একমাত্র ছক্কাটি মেরেছেন অধিনায়ক ডেভিড মিলার। শেষ ওভারে ফেরার আগে ৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২২ রান করেছেন।
শেষ পর্যন্ত ৫ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ১৯১। ইংলিশদের হয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন ডেভিড উইলি। জবাবে ১৬.৪ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। জেসন রয়, অধিনায়ক জশ বাটলার, দাভিদ মালান ও জনি বেয়ারস্টোর কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। রয় ফিরেছেন ১৭ রানে, বাটলার ১৪, মালান ৭ ও বেয়ারেস্টা ২৭ রানে!
ইংলিশ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙেছেন তাবরাইজ শামসি। এই রিস্ট স্পিনার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি।   এই ব্যর্থতায় টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ হারের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। তাদের দুর্দশার চিত্র আরেকটি পরিসংখ্যানেও স্পষ্ট হয়ে উঠছে- ২০১৩ সালের পর হোম সামারে সাদা বলের সিরিজে জিততে পারলো না কোনও ট্রফি। তবে প্রোটিয়াদের উত্থান যে ভিন্ন কিছুর বার্তা দিচ্ছে এর প্রমাণ ১৯৯৮ সালের পর তারা ইংল্যান্ডে জিতেছে সাদা বলের কোনও সিরিজ।