লালমাইয়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
Published : Sunday, 31 July, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কুমিল্লার লালমাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, জাগো হিন্দু পরিষদের আয়োজনে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন করা হয়। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ লড়াই করার আহবান জানিয়ে হিন্দু সুরক্ষা আইন প্রণয়ন, সাম্প্রদায়িক সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত ও ১৯৭২ সালের সংবিধান পুন:প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
গতকাল ৩০ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাগমারা বাজার এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক সাংবাদিক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মানিক মজুমদার, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় শর্মা, পূজা উদযাপন পরিষদের আহবায়ক চন্দন মজুমদার পুলক, যুগ্ম আহবায়ক রতন দে, সদস্য সচিব সুমন রায় চৌধুরী, জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস।
এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ডা. স্বদেশ রায়, নেপাল সাহা, প্রদীপ কুমার আচার্য্য, গোপাল দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বীর মুক্তিযোদ্ধা হারাধন বিশ্বাস, সুবাস দাস, অনীল চন্দ্র সূত্রধর, সম্ভু রায়, সঞ্জয় সিংহ, জাগো হিন্দু পরিষদের সভাপতি ডা. জনি রায় সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা।