লাকসামে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
Published : Sunday, 31 July, 2022 at 12:00 AM
লাকসাম প্রতিনিধিঃ নিরাপদ সড়কের দাবিতে লাকসাম বাইপাসস্থ’ সড়কে ৩০ জুলাই সকাল ১০টা থেকে লাকসাম নুপুর নারী কল্যাণ সমিতির আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নুপুর যুব নারী কল্যাণ সমিতির সভানেত্রী নাজমুন্নাহার নুপুরের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, ডাঃ মেহেদী হাসান জিতু, লাকসাম প্রেস ক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শাহীন, আনন্দ টিভির লাকসাম প্রতিনিধি মোঃ আবদুল কাদের অপুসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, লাকসাম-সোনাইমুড়ী সড়কের চন্দনা বাজার নামক স্থানে গত ২ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় অনেক লোকের প্রাণহানী ঘটে। সম্প্রতি চন্দনা বাজার সংলগ্ন সড়কে এক মেধাবী কলেজ ছাত্রী শ্রাবন্তী ও একজন ব্যবসায়ী পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এতে করে জনসাধারণ ও আশেপাশের লোকদের মাঝে এক তীব্র ক্ষোভের ও শোকের ছায়া দেখা গেছে।