ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেষটা জয়ে রাঙাল বসুন্ধরা কিংস
Published : Sunday, 31 July, 2022 at 12:00 AM
দুই ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার এক ম্যাচ বাকি থাকতেই ট্রফি নিতে চেয়েছিল বসুন্ধরা কিংস। ঘরের মাঠে আবাহনীর বিপক্ষে ম্যাচের পর ট্রফি প্রদানের জন্য বাফুফেকে হুমকির সুরে অনুরোধও করেছিল চ্যাম্পিয়ন দলটি।

বাফুফেকে দেওয়া চিঠিতে কিংস লিখেছিল যদি আবাহনীর বিপক্ষে তাদের ম্যাচের পর ট্রফি প্রদান না করা হয় তাহলে পরবর্তীতে তারা ট্রফি’ই গ্রহণ করবে না।
বাফুফে অবশ্য কিংসের আবদারের কর্ণপাত করেনি, তারা দলটিকে পাল্টা চিঠিতে জানিয়ে দিয়েছিল রেওয়াজ অনুযায়ী তাদের শেষ ম্যাচের পরই ট্রফি প্রদান করা হবে। শনিবার শেখ জামালের বিপক্ষে শেষ ম্যাচ ছিল কিংসের, এই ম্যাচের পরই বাফুফে দলটির হাতে ট্রফি তুলে দিয়েছে।
তবে বসুন্ধরা কিংসের একটি চাওয়া পূরণ হয়েছে। তারা ঘরের মাঠে ট্রফি নিয়ে আনন্দ করতে চেয়েছিল। সেটা পেরেছে। এই ম্যাচটির ভেন্যু ছিল মুন্সিগঞ্জ। শেখ জামাল তাদের ভেন্যুতে ম্যাচ না খেলে কিংসের ভেন্যুতে খেলেছে শেষ ম্যাচটি।
আজ রোববার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রানার্সআপ আবাহনী শেখ ম্যাচ খেলবে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে। এই ম্যাচের পর আকাশী-নীলদের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেবে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। এই ম্যাচটি আবাহনীর জন্য নিয়ম রক্ষার হলেও মহা গুরুত্বপূর্ণ উত্তর বারিধারা ক্লাবের জন্য। কারণ এই ম্যাচ হারলে দলটি নেমে যাবে প্রিমিয়ার লিগ থেকে।॥