ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভুলে যাওয়া বড় কঠিন
Published : Thursday, 28 July, 2022 at 12:00 AM
আলী হোসেন চৌধুরী ||

ভুলে যাওয়া স্পষ্টতই নিদারুণ কষ্ট
গল্প লেলিহান
ভুলে যেতে যেতে ভুলে যাবার সব
কৌশল- অপকৌশল
নিয়ম রীতি চাতুর্য অকেজো হয়ে যায়
একদিন নদীর পাড় ভাঙ্গার মতো
ঝপ করে ঢলে পড়ে অবলীলায়
নীলাকাশ কালো হয় গভীর থেকে গভীর
কেবলি চোখ রাঙ্গায়।

বৃষ্টির ভেতর কান্নারসুর মল্লার রাগে
বেদনার ধ্বনি বাজে, বেজে যায়
ভুলে যাওয়ার সমস্ত আটশাট বিধিও রেওয়াজ
হুমড়ি খেয়ে পড়ে
নির্মিত সৌকর্য ধসে যায় ধসে যায়।

একটা মানুষ তার বিচিত্র রঙ অজস্র
স্মৃতির রংধনু
কালো দানব হয়, ওঠে আসে দিগন্ত থেকে
লুন্ঠিত হয় সব সাহস ধৈর্য সৌন্দর্যরাশি
জ্যোৎস্না -আনন্দপুলক প্রাণময় সুখৈশ্বর্য

ভাঙ্গে হাড়গোড় হৃদয়মন্দিরা বাদন
থেমে যায় অকস্মাৎ।

ভুলে যাওয়া যায়না এ বড় কঠিন
ভুলে থাকা যায়না শত চেষ্টায়ও না
ভুলে যাওয়া বড়ই কঠিন -বড় কঠিন।