নওয়াজের পাঁচ উইকেট ছাপিয়ে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা
Published : Tuesday, 19 July, 2022 at 12:00 AM
প্রায়
ছয় বছর পর টেস্ট খেলতে নেমে মোহাম্মদ নওয়াজ ঘূর্ণি জাদু দেখালেন।
ক্যারিয়ারের চতুর্থ টেস্টে দেখা পেলেন প্রথম ফাইফারের। শ্রীলঙ্কার দ্বিতীয়
ইনিংসে বাঁহাতি স্পিনার ৫ উইকেট নিলেও পাকিস্তান পিছিয়ে থেকে তৃতীয় দিনের
খেলা শেষ করেছে।
৯ উইকেটে শ্রীলঙ্কা করেছে ৩২৯ রান। লিড বেড়ে ৩৩৩ রান।
যে রান স্বাগতিকরা করেছে, সেটা তাড়া করতে হলে রেকর্ডেই গড়তে হবে
পাকিস্তানকে। কারণ গলে কোনো দল তিনশ রানের টার্গেটে নেমে সফল হয়নি। এই মাঠে
সর্বোচ্চ ২৬৮ রান তাড়া করে জেতার ইতিহাস আছে, যেটা ২০১৯ সালে নিউ
জিল্যান্ডের বিপক্ষে করেছিল শ্রীলঙ্কা।
১ উইকেটে ৩৬ রানে সোমবারের খেলা
শুরু করে শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় ওভারে নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে (৭)
এলবিডব্লিউ করেন নওয়াজ। ১৭ রানে খেলতে নামা ওশাডা ফার্নান্ডোকে নিয়ে এরপর
শক্ত জুটি গড়েন কুশল মেন্ডিস। দুজনেই করেন ফিফটি।
পুরো দিনে
পাকিস্তানের হাতে ম্যাচ ছিল কেবল দ্বিতীয় সেশনে। এই সময়ে পাঁচ উইকেট তুলে
নেন তাদের বোলাররা। কুশলের সঙ্গে ৯১ রানের জুটি ভাঙেন ইয়াসির শাহ, ওশাডাকে
৬৪ রানে ফিরিয়ে। এরপর দ্রুত উইকেট হারাতে থাকলেও রান ঠিকই যোগ হতে থাকে
বোর্ডে। কুশল ৭৬ রান করে আউট হন।
চা বিরতির আগে পরে নিরোশান ডিকবেলা ও
রমেশ মেন্ডিসকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন নওয়াজ। এই বিপদ কাটাতে দিনেশ
চান্ডিমাল হাল ধরেন শেষ দিকে। টেল এন্ডারদের সাথে নিয়ে লিড বাড়িয়ে নিতে
থাকেন। মাহিশ ঠিকশানা তার সঙ্গে যোগ করেন ৪১ রান। এর আগে ধনঞ্জয়া ডি সিলভার
সঙ্গে চান্ডিমালের ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি ছিল।
দিনের শেষ বলে
প্রভাত জয়াসুরিয়া চার মারেন ইয়াসিরকে। ২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪ রানে
অপরাজিত তিনি। অন্যদিকে ৮৬ রানে অপরাজিত চান্ডিমাল চতুর্থ দিন লক্ষ্যটা আরও
বড় করার প্রত্যাশায় নামবেন।
২৮ ওভারে ৮৮ রান দিয়ে ৫ উইকেট নেন নওয়াজ। ইয়াসির পেয়েছেন ৩ উইকেট।