এসএসসি পরীক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
Published : Thursday, 7 July, 2022 at 12:00 AM
এসএসসি ও সমমান পরীক্ষা কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও প্রদান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এর আগে আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছিলেন, আগামী আগস্টে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে অক্টোবরে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘বন্যায় আমাদের অনেক শিক্ষার্থীর বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নতুন বই দিতে হবে। আমরা অ্যাসেস করছি, প্রয়োজনে নতুন বই ছাপিয়ে তাদের হাতে তুলে দিতে হবে। এরপর অন্তত দুই সপ্তাহ তাদের সময় দিতে হবে। তবে সেই সময়টা এখনও বলা সম্ভব নয়।’
সংবাদ সম্মেলনে দেশের বেসরকারি ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের দায়িত্বে থাকা মহাপরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।