দুই পেনাল্টিতে জিতলো মোহামেডান
Published : Tuesday, 28 June, 2022 at 12:00 AM
বাংলাদেশ
প্রিমিয়ার লিগ ফুটবলে সোমবার (২৭ জুন) জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং
ক্লাব। দুই পেনাল্টি থেকে সোলেমান দিয়াবাতের করা দুই গোলে তারা ৩-১
ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
চলতি লিগে সাদা-কালো
শিবিরের এটা ষষ্ঠ জয়। ১৭ ম্যাচ থেকে ৬ জয় ও ৭ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট
টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে মোহামেডান।
সোমবার কুমিল্লায় শহীদ
ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। এ
সময় শেখ মোরসালিন গোল করে এগিয়ে নেন দলকে। তাকে ক্রসে গোলে সহায়তা করেন
সাদিকউজ্জামান।
৩৮ মিনিটে ম্যাচে সমতা ফেরে। অবশ্য গোলটি শেখ জামালের
কেউ করেননি। এ সময় শেখ জামালের উজবেক মিডফিল্ডার ওটাবেকের নেওয়া শট সোলেমান
দিয়াবাতের গায়ে লেগে জালে আশ্রয় নেয়।
অবশ্য পরের গল্পটুকু শুধুই
দিয়াবাতের। ৪৩ মিনিটে বক্সের মধ্যে শেখ জামালের রায়হান হ্যান্ডবল করলে
পেনাল্টি পায় মোহামেডান। পেনাল্টি থেকে গোল করে দলকে আবার এগিয়ে নেন
দিয়াবাতে।
বিরতির পর লড়াই চলে হাড্ডাহাড্ডি। তবে মোহামেডান বেশ
আক্রমণাত্মক ফুটবল খেলে। ম্যাচের ৮৩ মিনিটে আরও একটি পেনাল্টি পায় শফিকুল
ইসলাম মানিকের শিষ্যরা। আবারও পেনাল্টি নেন দিয়াবাতে। আবারও গোল এবং
মোহামেডান এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়ে মাঠ
ছাড়ে সাদা-কালো শিবির।