টি-২০ খেলতে চারবার অনুরোধ করেছি : পাপন
Published : Wednesday, 8 June, 2022 at 12:00 AM
বাংলাদেশের
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের
স্বেচ্ছা বিরতিতে আছেন। সেই বিরতি শেষ হতে আর বেশিদিন বাকি নেই। এরপর তিনি
কি খেলবেন এই ফরম্যাটে? প্রশ্নটা তামিমকে করা হয়েছিল কয়েকদিন আগে। তামিম
সেদিন বলেছিলেন, তিনি এ বিষয়ে কথা বলতে চান না, কারণ তাঁর নিজের কথা বলে
দিচ্ছে অন্য কেউ।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
কয়েকদিন
আগে তামিম বলেছিলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে আমার যে পরিকল্পনা, সেটা বলার
সুযোগ আমাকে দেওয়া হয় না। হয়তো আপনারা (সংবাদমাধ্যম) বলে দেন, নয়তো অন্য
কেউ বলে দেয়, এভাবেই চলতে থাকুক। আমাকে কিন্তু বলার সুযোগ দেওয়া হয় না। এত
দিন ধরে আমি ক্রিকেট খেলি, এটা আমার প্রাপ্য নয়। আমি কী চিন্তা করি না করি,
এটা আমার মুখ থেকেই শোনা উচিত। ’ তামিমের এই বক্তব্যে আপত্তি আছে পাপনের।
ক্রিকেটের
জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি বলেন, ‘এটা একদম মিথ্যা কথা।
(বোর্ড টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে তামিমের সঙ্গে কথা বলেনি)। আমি তাকে আমার
বাসায় ডেকেছিলাম এবং অন্তত চারবার তাকে (টি-টোয়েন্টিতে খেলতে) অনুরোধ
করেছি। বোর্ডের অন্য সদস্যরাও তার সঙ্গে কথা বলেছিল এবং সে বলেছে যে খেলবে
না। এখন দেখুন, সে কী বলছে। ’
পাপন আরো বলেন, ‘সে (তামিম) লিখিতভাবে
জানিয়েছে যে, সে খেলবে না। তাকে (মন বদলাতে) বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা
করা হলেও সে খেলতে চায়নি। আমি বুঝি না কোথায় সমস্যা। আমি যেটা বলতে চাই, সে
যা বলতে চায় বলুক এবং পরে আমরা দেখাবো (প্রমাণ) আমাদের হাতে যা আছে। ছয়
মাস শেষ হতে চলেছে। ’
বিসিবি প্রধানও চান তামিম টি-টোয়েন্টি খেলুক,
‘আমরা চাই সে টি-টোয়েন্টি খেলুক। সে খেলবে? সে বিশ্বকাপ খেলতে চায়? এটাই
যদি হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দরকার তার। ’